হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা ও গণউপদ্রব সৃষ্টির অভিযোগে চার নারী ও হোটেল ম্যানেজারসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে মাধবপুর বাজারের ‘তাজমহল আবাসিক হোটেল’ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাধবপুর বাজারে ‘বিউটি খাবার হোটেল’-এর তৃতীয় তলায় অবস্থিত তাজমহল আবাসিক হোটেলে কতিপয় নারী-পুরুষ অসামাজিক কাজে লিপ্ত হয়ে এলাকার সামাজিক পরিবেশ ও শান্তি বিনষ্ট করছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র সরকার, এসআই মো. ওবায়দুল কবির, এসআই সুমন চন্দ্র সরকার, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ একরামুল হক ও নারী কনস্টেবলসহ পুলিশের একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে হোটেলের কক্ষ থেকে অসামাজিক কার্যকলাপ ও গণউপদ্রবের অভিযোগে হোটেল ম্যানেজারসহ ছয়জন পুরুষ ও চার নারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নীলফামারীর জলঢাকা থানার দক্ষিণ কাজিরহাট এলাকার আ. রশিদ (৩১), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার পূর্ববাগ এলাকার মো. রুবেল (২৫), হবিগঞ্জের মাধবপুর থানার মদনপুর এলাকার মো. সজিব মিয়া (২০), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার এক্তারপুর এলাকার মো. জালাল উদ্দিন (২৮), একই এলাকার হোটেল ম্যানেজার মো. তোফাজ্জল (২৫), মাধবপুর পৌরসভার কাটিয়ারা এলাকার সুরঞ্জিত পাল সোহেল, বিজয়নগর থানার এক্তারপুর এলাকার মোছা. খাদিজা (২১), একই থানার মেঘশিমুল এলাকার মুন্নী আক্তার (২৩), মাধবপুর থানার মদনপুর এলাকার নুরুন্নাহার ওরফে খাদিজা (৪০) এবং একই এলাকার সুমাইয়া (২০)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
kalprakash.com/IM