বরেণ্য নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা মামুনুর রশীদ এবং তরুণ অভিনেত্রী প্রিসিলা ডি কস্তার সুইমিংপুলের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে ছবিটি বাস্তব জীবনের কোনো ঘটনার নয়, বরং একটি নতুন ধারাবাহিক নাটকের শুটিংয়ের অংশ বলে জানিয়েছেন নির্মাতা।
সাম্প্রতিক সময়ের সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত ও সমালোচিত বিভিন্ন ভাইরাল ঘটনা এবং চরিত্রকে উপজীব্য করে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘আমরা ভাইরাল’। আল আমিন স্বপনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু।
নাটকটির গল্পে দেখা যাবে, বয়সের বিস্তর ব্যবধান থাকা সত্ত্বেও এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান মামুনুর রশীদের অভিনীত চরিত্রটি। একপর্যায়ে পরিবারের অসম্মতি সত্ত্বেও তরুণী বাড়ি ছেড়ে তার কাছে চলে আসে। এরপর দুজনে মিলে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের কনটেন্ট তৈরি করে রাতারাতি ভাইরাল হতে শুরু করেন। এমন কার্যকলাপ নিয়ে নেটিজেনদের কৌতূহল ও মিশ্র প্রতিক্রিয়ার প্রেক্ষাপটেই নাটকের প্রয়োজনে সুইমিংপুলের দৃশ্যটি ধারণ করা হয়েছিল।
এ প্রসঙ্গে নাটকের পরিচালক সাজিন আহমেদ বাবু জানান, ছবিটি মূলত নাটকের একটি দৃশ্যের অংশ। প্রেক্ষাপট না জেনেই অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করেছেন। তিনি বলেন, সমাজে ভাইরাল হওয়ার অসুস্থ প্রতিযোগিতা ও তথাকথিত ভাইরাল চরিত্রগুলোকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরে সচেতনতামূলক বার্তা দিতেই নাটকটি নির্মাণ করা হয়েছে।
নাটকে অভিনয় প্রসঙ্গে মামুনুর রশীদ জানান, অনেক দিন পর সমসাময়িক ও ভিন্নধর্মী একটি গল্পে কাজ করেছেন তিনি। চারপাশের পরিচিত বাস্তবতাগুলোই নির্মাতা চমৎকারভাবে নাটকে ফুটিয়ে তুলেছেন। নাটকটি দর্শকদের আনন্দ দেওয়ার পাশাপাশি ভাবনার খোরাক জোগাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন আবু হুরাইরা তানভীর, মৌসুমী হামিদ, শাকিলা পারভিন, নাজনীন চুমকি, ফারজানা চুমকি, শেহজাদ ওমর, মারুফ মিঠু, পারভেজ সুমন, সুজাত শিমুল, স্যামন্তি ডি-কস্তা, খায়রুল আলম টিপু, দিলরুবা তুশি, রিপা রঞ্জনা ও টুনটুনি সোবহানসহ অনেকে। নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে এবং শিগগিরই এটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।
kalprakash.com/IM