বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনার চাটমোহরে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর সদরের বাসস্ট্যান্ড থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের অংশগ্রহণে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে পথসভায় মিলিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একদলীয় শাসনব্যবস্থা থেকে দেশকে বহুদলীয় গণতন্ত্রে রূপান্তর এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিতে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে দলের হাল ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন লড়াই করে গেছেন। জেল-জুলুম সহ্য করলেও তিনি কখনো কোনো অপশক্তির সঙ্গে আপস করেননি কিংবা দেশ ছেড়ে যাননি।
নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, বিএনপির আদর্শের কোনো কর্মী অন্যায় কিংবা অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি নেতা-কর্মীদের ইস্পাতকঠিন ঐক্য বজায় রেখে এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।
চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, ভিপি সেলিম রেজা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মো. জিয়ারুল হক সিন্টু, বিএনপি নেতা প্রভাষক সিরাজুল ইসলাম, আবুল কালাম আজাদ, লিখন বিশ্বাস, আ. কুদ্দুস রেজা, আব্দুল কুদ্দুস আলো মাস্টার, কৃষক দলের পাবনা জেলা সাংগঠনিক সম্পাদক নিক্সন, শ্রমিক দলের উপজেলা সভাপতি মোন্তাজ আহমেদ ও কৃষক দলের উপজেলা আহ্বায়ক লিটন বিশ্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।
kalprakash.com/IM