বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৫০:৩৭

ঈশ্বরদীতে বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ঝাড়ু মিছিল

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৯:৪৯
শেয়ার: mail
ঈশ্বরদীতে বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ঝাড়ু মিছিল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে তা বাতিলের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন পদবঞ্চিত নেতাকর্মী ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। নির্ধারিত সময়ের মধ্যে কমিটি বাতিল না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ঈশ্বরদী খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান নেতাকর্মীরা। সংবাদ সম্মেলন শেষে শহরে একটি বিক্ষোভ ও ঝাড়ু মিছিল বের করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম স্বপন অভিযোগ করেন, বিগত ১৭ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যাঁরা কারানির্যাতিত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন এবং রাজপথে রক্ত ঝরিয়েছেন, তাঁদের বাদ দেওয়া হয়েছে। ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তির মাধ্যমে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির একতরফা কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা ঘৃণাভরে এই বিতর্কিত কমিটি প্রত্যাখ্যান করছি।

আল্টিমেটাম দিয়ে তিনি বলেন, ঘোষিত এই কমিটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্থগিত বা বাতিল করতে হবে। একই সঙ্গে তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে সমন্বয় করে নতুন কমিটি গঠন করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। এর ফলে ঈশ্বরদীর আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতির কোনো অবনতি ঘটলে তার দায়দায়িত্ব সংশ্লিষ্ট নেতৃবৃন্দকেই বহন করতে হবে।

সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ ও ঝাড়ু মিছিল বের করা হয়। মিছিলটি খায়রুজ্জামান বাবু কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় দলীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা এরবাস হোসেন, পৌর বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রাজ্জাক এবং সাড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী প্রমুখ।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট সাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম সন্টু সরদারকে আহ্বায়ক ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনকে সদস্য সচিব করে ঈশ্বরদী উপজেলা বিএনপি এবং মাহবুবুর রহমান পলাশকে আহ্বায়ক ও ইমরুল কায়েস সুমনকে সদস্য সচিব করে ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় পাবনা জেলা বিএনপি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ঈশ্বরদীতে বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ঝাড়ু মিছিল

বিস্তারিত কমেন্টে