বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:২৬:৪৪

ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে প্রশিক্ষণ ও জাপানে চাকরির সুযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৬:৩৫
শেয়ার: mail
ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে প্রশিক্ষণ ও জাপানে চাকরির সুযোগ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য জাপানে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হয়েছে। জাপানের শ্রমবাজারে কর্মসংস্থানের লক্ষ্যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা খরচে জাপানি ভাষা ও প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে ভাষা পরীক্ষায় উত্তীর্ণদের পর্যায়ক্রমে কর্মসংস্থান ভিসায় জাপানে পাঠানো হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এক পর্যালোচনা সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, ‘জাপানের শ্রমবাজার বাংলাদেশের জন্য অত্যন্ত সম্ভাবনাময় ও গুরুত্বপূর্ণ। এ বাজারে দক্ষ জনশক্তি পাঠাতে জাপানি ভাষা শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। জাপানি শিক্ষকরা বাংলাদেশে এসে ভাষা প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে সরকার সার্বিক সহযোগিতা প্রদান করবে।’

তিনি আরও বলেন, বিদেশে নতুন নতুন শ্রমবাজার উন্মুক্ত করতে সরকার কাজ করে যাচ্ছে। পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সক্ষমতা বাড়ানোর উদ্যোগও চলমান রয়েছে।

টাউন লাইফ জাপান লিমিটেডের উদ্যোগে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সিভিল, ইলেকট্রিক্যাল ও আর্কিটেকচার বিষয়ে ডিপ্লোমা সনদধারীদের কর্মসংস্থান ভিসায় জাপানে পাঠানো হবে।

সভায় জানানো হয়, নির্বাচিত প্রার্থীদের ভাষা ও কারিগরি প্রশিক্ষণ থেকে শুরু করে জাপানে যাওয়ার পূর্ব পর্যন্ত যাবতীয় ব্যয় বহন করবে সংশ্লিষ্ট জাপানি প্রতিষ্ঠানটি। পাশাপাশি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ল্যাব উন্নয়ন ও প্রয়োজনীয় প্রশিক্ষণ সরঞ্জাম সরবরাহেও তারা সহযোগিতা করবে।

জাপানে কর্মস্থলে যোগদানের পর নির্বাচিত প্রকৌশলীরা নিয়মিত আকর্ষণীয় মাসিক বেতনের পাশাপাশি অতিরিক্ত কর্মঘণ্টার ভাতা ও উৎসব বোনাস সুবিধা পাবেন।

ইতোমধ্যে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের জাপানি ভাষা শিক্ষাক্রম প্রায় শেষ হয়েছে এবং দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণও চলমান রয়েছে। ভাষা পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ শিক্ষার্থীরা পর্যায়ক্রমে জাপানে কাজের সুযোগ পাবেন।

সভায় আরও জানানো হয়, প্রথম ব্যাচে নির্বাচিতদের চাকরি ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। তাঁরা আগামী অক্টোবর ২০২৬-এর মধ্যে জাপানে নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন। এছাড়া অন্যান্য নির্বাচিতরা আগামী জানুয়ারি ২০২৭-এর মধ্যে জাপানে যাওয়ার সুযোগ পাবেন।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়ার সভাপতিত্বে সভায় টাউন লাইফ জাপান লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তোমিজাওয়া কাজুনোরি, শাখা ব্যবস্থাপক ওকাদা ইয়োহেইসহ মন্ত্রণালয় ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে প্রশিক্ষণ ও জাপানে চাকরির সুযোগ

বিস্তারিত কমেন্টে