সবাইকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘কাউকে বন্ধ করার বা নিয়ন্ত্রণ করে থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই। গত ছয় মাসে সরকারের শীর্ষ পর্যায় থেকেও আপনারা এমন কোনো মনোভাব দেখতে পাননি।’
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
গণমাধ্যমের স্বাধীনতা ও সমালোচনা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘বিগত ১৭ বছর ধরে আমরা দেখেছি যে সমালোচনা সহ্য করার বা শোনার মতো কোনো মানসিকতা ছিল না। কিন্তু গত ছয় মাসে আমাদের পক্ষ থেকে কিংবা মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে গণমাধ্যমকে বাধাগ্রস্ত করার মতো কোনো নির্দেশনা বা মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেনি।’
তিনি আরও বলেন, ‘দায়িত্ব নেওয়ার প্রথম দিনই তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সব জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠকে আমি স্পষ্ট করে বলেছি—আমরা কাউকে নিয়ন্ত্রণ করব না এবং কারও মুখ বন্ধ করব না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ। আপনারা আছেন বলেই আমরা এখানে দায়িত্ব পালন করতে পারছি।’
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সঙ্গে কথা বলার সময় আমাদের প্রথম অনুরোধই ছিল পর্দায় কীভাবে আমাদের ছবি কম দেখানো যায় এবং জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো বেশি প্রচার করা যায়।’
kalprakash.com/IM