পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইতিহাস বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগটির অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহকে ইতিহাস বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হলো। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মানুযায়ী দায়িত্বভাতা ও পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বিভাগের চেয়ারম্যান হিসেবে যে দায়িত্ব আমার ওপর অর্পিত হয়েছে, তা যথাযথভাবে পালনে আমি সর্বোচ্চ সচেষ্ট থাকব। বিভাগের সার্বিক সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধান ও উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে একটি সুপরিকল্পিত ও উন্নত একাডেমিক পরিবেশ গড়ে তোলাই থাকবে আমার অন্যতম প্রধান লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা যেন শুধু প্রচলিত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ও যুগোপযোগী জ্ঞান অর্জন করতে পারে, সে বিষয়ে আমরা গুরুত্ব দেব। ইতোমধ্যে আমাদের বিভাগে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় কিছু নতুন ও ব্যতিক্রমী কোর্স চালু করা হয়েছে। মাস্টার্স পর্যায়ে থিসিসের সুযোগসহ শিক্ষার্থীদের গবেষণামুখী করার জন্যও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে।’
তিনি জানান, বর্তমান সময়ের চাহিদা ও কর্মসংস্থানের সুযোগ বিবেচনায় আরও কিছু যুগোপযোগী ও কর্মমুখী কোর্স চালুর বিষয়ে আলোচনা চলছে। কর্তৃপক্ষ উদ্যোগ নিলে সেগুলো পাঠ্যক্রমে যথাযথভাবে বাস্তবায়নের চেষ্টা করা হবে।
kalprakash.com/IM