শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৩৭:১৬

দারিদ্র্য সাফল্যের বাধা নয়: রুহিয়ায় স্কুল পরিদর্শনে ঠাকুরগাঁওয়ের ডিসি

মোস্তাফিজুর রহমান আকাশ, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১০:৪০
শেয়ার: mail
দারিদ্র্য সাফল্যের বাধা নয়: রুহিয়ায় স্কুল পরিদর্শনে ঠাকুরগাঁওয়ের ডিসি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে নবগঠিত রুহিয়া উপজেলার শহীদ ফাদার লুকাশ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক এবং রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

বৃহস্পতিবার চলমান দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলাকালীন বিদ্যালয়টিতে উপস্থিত হন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক ও রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন। পরিদর্শনের সময় জেলা প্রশাসক প্রথম থেকে দশম শ্রেণির বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার্থীদের খোঁজখবর নেন।

শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, প্রতিটি শিক্ষার্থীকে মৌলিক জ্ঞান অর্জনে মনোযোগী হতে হবে। জীবনে সফল হতে গেলে শুরুতেই একটি সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করা জরুরি। বড় হওয়ার ক্ষেত্রে দারিদ্র্য কখনো বাধা হতে পারে না; মানুষের ইচ্ছাশক্তিই তাকে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছে দেয়। যেকোনো প্রতিকূলতা বুদ্ধি ও বিচক্ষণতা দিয়ে জয় করতে হবে। তিনি শিক্ষার্থীদের মুখস্থবিদ্যার বদলে বুঝে পড়ার পরামর্শ দেন এবং শারীরিক সুস্থতার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রতি শনিবার অতিরিক্ত বিশেষ ক্লাস নেওয়ার নির্দেশনা দেন।

এ সময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সিস্টার জ্যোতি সরকার সিআইসি জানান, বর্তমানে বিদ্যালয়ে মোট ৩২০ জন শিক্ষার্থী রয়েছে। সদ্য প্রকাশিত এসএসসি ফলাফলে ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ জন উত্তীর্ণ হয়েছে। আগামীতে শতভাগ সাফল্য অর্জনে সার্বিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

জেলাজুড়ে শিক্ষার সার্বিক অগ্রগতি নিয়ে জেলা প্রশাসক বলেন, ঠাকুরগাঁও জেলাকে শিক্ষার ক্ষেত্রে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষার সার্বিক পরিস্থিতির খোঁজ নেওয়াকে প্রশাসনিক দায়িত্ব মনে করে সুযোগ পেলেই তিনি শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে শ্রেণিকক্ষে উপস্থিত হন বলে উল্লেখ করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

দারিদ্র্য সাফল্যের বাধা নয়: রুহিয়ায় স্কুল পরিদর্শনে ঠাকুরগাঁওয়ের ডিসি

বিস্তারিত কমেন্টে