বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:১৪:২০

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত ইসলামী আন্দোলনের

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫:৪৫
শেয়ার: mail
জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত ইসলামী আন্দোলনের

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য হয়েছিল, তা বাস্তবায়ন না হওয়ায় দলটি এ সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি বলেন, রাষ্ট্রপতির পদ সাংবিধানিকভাবে অলংকারিক হলেও জাতীয় সংকট ও জাতীয় নির্বাচনের সময় এ পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাষ্ট্রপতি দেশের সার্বজনীন ঐক্য ও আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করেন।

গাজী আতাউর রহমান বলেন, জাতীয় নির্বাচনকালীন সরকার নিয়ে দেশে যে সংকট তৈরি হয়েছে, তার অন্যতম কারণ দলীয় রাষ্ট্রপতি। এ সংকট নিরসনে জাতীয় ঐকমত্য কমিশনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বেশ কিছু বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল। সেখানে বিএনপিরও কোনো নোট অব ডিসেন্ট ছিল না।

তিনি বলেন, জুলাই সনদে সম্মত নীতিগুলো অনুসরণ করে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে তারা প্রত্যাশা করেছিলেন। কিন্তু তা না হওয়ায় বর্তমান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়াকে সমীচীন মনে করছে না ইসলামী আন্দোলন।

ইসলামী আন্দোলনের মহাসচিব জানান, জুলাই সনদের ১০ নম্বর ধারায় রাষ্ট্রপতি আইনসভার উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে নির্বাচিত হওয়ার বিষয়ে ঐকমত্য হয়েছিল। এ বিষয়ে বিএনপিসহ সংশ্লিষ্ট দলগুলো একমত ছিল। এছাড়া সনদের ২৮ নম্বর ধারায় অর্থবিল ও আস্থাভোট ছাড়া অন্যান্য বিষয়ে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ রাখার বিষয়ে ঐকমত্য হয়েছিল বলেও জানান তিনি। তাঁর দাবি, এ বিষয়েও কোনো নোট অব ডিসেন্ট ছিল না।

গাজী আতাউর রহমানের অভিযোগ, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জুলাই সনদে ঐকমত্য হওয়া ওই দুই বিষয়ের কোনোটিই মানা হচ্ছে না। তাঁর ভাষায়, এটি জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে গাদ্দারির শামিল।

তিনি প্রশ্ন তোলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ বহাল থাকলে রাষ্ট্রপতি কে হবেন তা আগেই নির্ধারিত থাকার মতো পরিস্থিতি তৈরি হয়। তাহলে এ ধরনের নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তা কতটুকু, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

তিনি আরও বলেন, দলের শীর্ষ নেতৃত্ব যাঁর নাম ঘোষণা করবেন তাঁকেই যদি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা হয়, তবে নির্বাচন কমিশন, সংসদ সদস্য ও সংসদের ভূমিকা কী থাকে তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। এতে জনগণের অর্থ অপচয়ের পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।

রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার সমালোচনা করে গাজী আতাউর রহমান জুলাই সনদে সম্মত নীতিগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন নতুনভাবে আয়োজনের আহ্বান জানান তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত ইসলামী আন্দোলনের

বিস্তারিত কমেন্টে