টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব পরিচালক পরিচয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন। তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র দেশু ৭-এর শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে। দেবের এই নতুন অধ্যায়ের সাক্ষী তাঁর দীর্ঘদিনের সহ-অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী, যিনি দেবের পরিচালক সত্তাকে দেখেছেন খুব কাছ থেকে। সেই বিশেষ মুহূর্তগুলো নিয়েই দেবের উদ্দেশে একটি আবেগঘন খোলা চিঠি লিখেছেন এই অভিনেত্রী।
শুভশ্রী জানান, টালিউডে দেব ও তাঁর পথচলা শুরু হয়েছিল একই সময়ে। তবে দেশু ৭-এর দেব তাঁর কাছে একেবারেই অন্যরকম। কারণ এবার তিনি শুধু দেবের সঙ্গে অভিনয়ই করেননি, বরং খুব কাছ থেকে দেখেছেন একজন অভিনেতা কীভাবে পরিচালকের আসনে বসে নিজের ভাবনাকে পর্দায় ফুটিয়ে তোলেন। তিনি অকপটে স্বীকার করেন, পরিচালক হিসেবে দেবের কাজ করার বিষয়টি প্রথমে তাঁকে অবাক করেছিল এবং কিছুটা ঈর্ষাও হয়েছিল; কারণ দেবকে এতদিন তিনি শুধুই অভিনেতা হিসেবে চিনতেন।
পরিচালক দেবকে নিয়ে শুভশ্রী বলেন, এতদিন যাঁকে অভিনেতা হিসেবে চিনতাম, সেই মানুষটি এতটাই গুছিয়ে নিজের ভাবনা, লক্ষ্য এবং গল্প বলার ধরন নিয়ে সিনেমা নির্মাণ করছেন, যা সত্যিই বিস্ময়ের।
তিনি আরও বলেন, শুটিং যত এগিয়েছে, সেই ঈর্ষা ধীরে ধীরে বদলে গেছে অনুপ্রেরণায়। দেবকে পরিচালকের ভূমিকায় কাজ করতে দেখে তাঁর প্রতি আরও বেশি শ্রদ্ধা তৈরি হয়েছে। অভিনেতার পাশাপাশি পরিচালক হিসেবেও যে দেব নিজেকে প্রমাণ করার ক্ষমতা রাখেন, তা এই ছবির শুটিংয়ে উপলব্ধি করেছি।
দেশু ৭-এর শুটিং শেষ হওয়ার দিনে দেবকে শুভেচ্ছা জানিয়ে শুভশ্রী লেখেন, এই যাত্রার অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমার বিশ্বাস, ছবি মুক্তির পর বাংলা চলচ্চিত্র জগৎ নতুন প্রজন্মের এমন একজন পরিচালককে পেতে চলেছে, যিনি গল্প বলার পাশাপাশি সাধারণ দর্শককে বিনোদন দেওয়ার ক্ষমতাও রাখেন।
দেবের ভবিষ্যৎ পরিচালনা জীবনের সাফল্য কামনা করে শুভশ্রী আরও লেখেন, আমি দেবকে নিয়ে গর্বিত। পরিচালকের ভূমিকায় তাঁর ভবিষ্যৎ যাত্রা আরও সাফল্যময় হোক, এই কামনাই করি।
মুক্তির আগেই শুভশ্রীর এই খোলা চিঠি দেশু ৭ ঘিরে দর্শকের কৌতূহল বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
উল্লেখ্য, টালিউডের অন্যতম জনপ্রিয় ও ব্যবসাসফল জুটি দেব এবং শুভশ্রী, ভক্তদের কাছে যাঁরা দেশু নামেও পরিচিত। ২০০৯ সালে মুক্তি পাওয়া চ্যালেঞ্জ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় এই জুটির যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে ব্যক্তিগত টানাপোড়েনের কারণে দীর্ঘ সময় তাঁরা একসঙ্গে কাজ করেননি। তবে ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও নতুন উদ্যমে একসঙ্গে পর্দায় ফিরেছেন এই জুটি।
kalprakash.com/IM