রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ২:৪০:২৮

মানুষের মস্তিষ্ক বড় হওয়ার পেছনে মিষ্টি খাবারের ভূমিকা

অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৫:১৪
শেয়ার: mail
মানুষের মস্তিষ্ক বড় হওয়ার পেছনে মিষ্টি খাবারের ভূমিকা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মানুষের মস্তিষ্ক কীভাবে এত বড় ও উন্নত হলো—এ প্রশ্নের উত্তর খুঁজতে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন বিজ্ঞানীরা। এবার সিডনি বিশ্ববিদ্যালয় ও গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছেন, মানুষের মস্তিষ্কের বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে মিষ্টি বা শর্করাজাতীয় খাবারের। গবেষণাটি বিজ্ঞানবিষয়ক আন্তর্জাতিক সাময়িকী সায়েন্সে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞানীদের মতে, প্রায় ৪০ লাখ বছরের বিবর্তনে মানুষের মস্তিষ্কের আকার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রাচীন প্রাক্‌মানবের মস্তিষ্কের ওজন যেখানে ছিল প্রায় ৩০০ গ্রাম, আধুনিক মানুষের ক্ষেত্রে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১,৫০০ গ্রামে। মস্তিষ্ক যত বড় হয়েছে, তার শক্তির চাহিদাও তত বেড়েছে। আর এ শক্তির অন্যতম প্রধান উৎস হলো গ্লুকোজ। গবেষকদের ধারণা, রান্নার প্রচলন এবং দানাশস্য মানুষের নিয়মিত খাদ্যতালিকায় আসার অনেক আগে ফলমূল ও মধুর মতো প্রাকৃতিকভাবে মিষ্টি খাবার থেকেই মানুষ প্রয়োজনীয় শর্করা পেত।

সিডনি বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদ জেনি ব্র্যান্ড-মিলার এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন। তাঁর মতে, কাঁচা স্টার্চ থেকে শরীর সহজে গ্লুকোজ তৈরি করতে পারে না। ফলে খাদ্যতালিকায় দানাশস্য ব্যাপকভাবে যুক্ত হওয়ার আগের সময়ে শক্তির প্রধান জোগান হিসেবে ফল ও মধুর মতো শর্করাযুক্ত খাবার কার্যকর ভূমিকা পালন করেছে।

গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষক কারেন হার্ডি জানান, মানুষের বিবর্তন নিয়ে দীর্ঘদিনের গবেষণায় মাংস ও প্রাণিজ আমিষের ওপরই বেশি জোর দেওয়া হয়েছে। তবে মস্তিষ্কের মতো শক্তিনির্ভর অঙ্গের বিকাশের জন্য পর্যাপ্ত শক্তির জোগান দিতে উদ্ভিজ্জ উৎস থেকে পাওয়া গ্লুকোজ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গবেষকদের তৈরি একটি মডেলের মাধ্যমে মানব বিবর্তনের ছয়টি পর্যায় বিশ্লেষণ করে দেখা গেছে, বিবর্তনের প্রাথমিক পর্যায়ে ফলমূলের মতো শর্করাসমৃদ্ধ খাবার জরুরি ছিল। পরে আগুনের ব্যবহার শেখার পর মানুষ ওল, কচু ও অন্যান্য কন্দজাতীয় খাবার রান্না করে খেতে শুরু করলে সহজেই শক্তির জোগান মেলে। পরবর্তীতে দানাশস্য ও শাকসবজি নিয়মিত খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত হয়।

গবেষণায় আরও উঠে এসেছে, গর্ভাবস্থায় নারীদের শরীরে গ্লুকোজের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ফলে মানব বিবর্তনে কেবল মস্তিষ্কের বিকাশ নয়, প্রজনন ও গর্ভধারণের মতো প্রক্রিয়াতেও শর্করার ভূমিকা ছিল অনস্বীকার্য। তবে আধুনিক মিষ্টি খাবারের সঙ্গে মস্তিষ্কের বিবর্তনের সরাসরি তুলনা না করে গবেষকরা লাখ লাখ বছর আগে ফল ও মধুর মতো প্রাকৃতিক শর্করার শক্তির জোগানের ওপরই গুরুত্ব দিয়েছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মানুষের মস্তিষ্ক বড় হওয়ার পেছনে মিষ্টি খাবারের ভূমিকা

বিস্তারিত কমেন্টে