রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শৌচাগার (বাথরুম) থেকে অষ্টম শ্রেণির চার ছাত্রীকে অচেতন ও গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে বিদ্যালয়ে আসার পর রহস্যজনকভাবে তারা অসুস্থ হয়ে পড়লে দ্রুত উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন জানান, সকালে চার ছাত্রী বিদ্যালয়ের শৌচাগারে অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ফুড পয়জনিংয়ের আশঙ্কা করা হলেও অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
অসুস্থ ছাত্রীদের বরাতে জানা গেছে, বিদ্যালয়ের সামনে অবস্থিত একটি ভ্রাম্যমাণ দোকান থেকে কফি কিনে পান করার পর থেকেই তারা তীব্র শারীরিক অসুস্থতা ও অচেতনতা বোধ করতে শুরু করে। তবে কফি পান করেই তারা অসুস্থ হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান জানান, চিকিৎসাধীন চার ছাত্রীর শারীরিক পরীক্ষায় শরীরে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধের প্রভাব লক্ষ্য করা গেছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নয়।
এদিকে ঘটনাটি কেন্দ্র করে বিদ্যালয় ও স্থানীয় এলাকায় তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চার ছাত্রী কীভাবে একসঙ্গে অসুস্থ হলো এবং তাদের শরীরে ঘুমের ওষুধের উপস্থিতি কোথা থেকে এলো—তা খতিয়ে দেখতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
kalprakash.com/IM