বাংলাদেশ রেলওয়ের জন্য ১৯টি আধুনিক এলএইচবি (LHB) ব্রডগেজ যাত্রীবাহী কোচের প্রথম পূর্ণাঙ্গ রেক প্রস্তুত করে এক নতুন মাইলফলক অর্জন করেছে ভারতের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ)। আজ বুধবার (১২ আগস্ট) প্রথম রেকটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ রেলওয়ের কাছে হস্তান্তর করা হবে।
সংগৃহীত প্রথম এই রেকে রয়েছে ৩টি এসি স্লিপার কোচ, ৩টি এসি চেয়ার কার, ১১টি নন-এসি চেয়ার কার এবং ২টি পাওয়ার কার। বাংলাদেশ রেলওয়ের যাত্রী চাহিদা ও পরিচালনাগত বাস্তবতা বিবেচনায় কোচগুলোতে বেশ কিছু বিশেষ কারিগরি পরিবর্তন আনা হয়েছে; যা এলএইচবি কোচের ইতিহাসে এবারই প্রথম।
কোচগুলোর নতুন সুবিধাসমূহের মধ্যে রয়েছে অ্যাডজাস্টেবল হেলানো চেয়ার, স্টেইনলেস স্টিলের হাতল, ফুটরেস্ট, এসি কোচে অতিরিক্ত ফ্যান, সিসিটিভি নজরদারি, চাইল্ড কেয়ার রুম এবং ইবাদতখানা। এছাড়া বাংলাদেশে যাত্রীদের ছাদ ভ্রমণের বাড়তি চাপের বিষয়টি মাথায় রেখে ছাদের অবকাঠামো অনেক বেশি শক্তিশালী ও টেকসই করা হয়েছে।
নিরাপত্তার ক্ষেত্রে আন্তর্জাতিক ইউরোপীয় স্ট্যান্ডার্ড (EN 15227) মেনে ক্র্যাশ-ওর্থিনেস ডিজাইন বা সংঘর্ষ প্রতিরোধী বিশেষ কাঠামো ব্যবহার করা হয়েছে, যা বড় ধরনের দুর্ঘটনায় যাত্রীদের ক্ষয়ক্ষতির ঝুঁকি বহুগুণ কমিয়ে আনবে। পাশাপাশি ভারতীয় রেলের প্রচলিত ৭৫০ ভোল্টের পরিবর্তে বাংলাদেশের সুবিধার্থে কোচগুলোর বৈদ্যুতিক ব্যবস্থা ৪১৫ ভোল্টে পুনর্নির্মাণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০১৫-১৬ সালে আরসিএফ বাংলাদেশ রেলওয়েকে ১২০টি এলএইচবি কোচ সরবরাহ করেছিল। সেই সফলতার ধারাবাহিকতায় ভারতের ‘রাইটস’ (RITES)-এর মাধ্যমে ২০২৪ সালে ২০০টি উন্নত ব্রডগেজ কোচ তৈরির কার্যাদেশ পায় প্রতিষ্ঠানটি, যার প্রথম চালান হিসেবে এই ১৯টি কোচ হস্তান্তর করা হলো।
kalprakash.com/IM