চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আবেদন ও সার্বিক কার্যক্রমের খসড়া কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রস্তাবিত কর্মপরিকল্পনা অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে ১০ নভেম্বরের মধ্যে ভর্তি সম্পন্ন করার লক্ষ্য ধরা হয়েছে। ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ১২ নভেম্বর থেকে একাদশ শ্রেণির নতুন ক্লাস শুরু হতে পারে।
বুধবার (১২ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির দায়িত্বশীল এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানান, একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত খসড়া নীতিমালা ও কর্মপরিকল্পনা তৈরি করে দ্রুত অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। মন্ত্রণালয়ের সবুজ সংকেত মিললেই তা চূড়ান্ত হিসেবে গণ্য হবে। চলতি সপ্তাহের বৃহস্পতিবার অথবা আগামী রবিবারের মধ্যে অনুমোদন পাওয়া গেলে আগামী সোমবারের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি ও চূড়ান্ত নীতিমালা প্রকাশ করা সম্ভব হবে।
উল্লেখ্য, গত সোমবার প্রকাশিত চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দেখা যায়, এ বছর ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী। পাসের গড় হার ৬২.২৫ শতাংশ, যা গত বছরের (৬৮.৪৫%) তুলনায় কিছুটা কম। এ ছাড়া এ বছর সারাদেশে জিপিএ-৫ অর্জন করেছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
অনুমোদিত নীতিমালা প্রকাশের পরই অনলাইনে একাদশে ভর্তির আবেদন ও পছন্দক্রম জমা দেওয়ার বিস্তারিত সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবে আন্তঃশিক্ষা বোর্ড।
kalprakash.com/IM