জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধ কারখানায় ক্ষতিকর কেমিক্যাল দিয়ে ভেজাল ও নামীদামী ব্র্যান্ডের নকল জুস তৈরি এবং তা বাজারজাতকরণের অভিযোগে মো. লুৎফর রহমান লতু (৫৫) নামের এক ব্যক্তিকে বিপুল সরঞ্জামসহ হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ মডেল থানাধীন সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল মিতালী বাজার সংলগ্ন মিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। লুৎফর রহমান ওই এলাকার মৃত আহম্মেদ আলীর ছেলে।
পুলিশ জানায়, রাতে লুৎফরের নিজ বাড়িতে অবৈধ কারখানা খুলে নকল ও ভেজাল জুস তৈরির তথ্য পেয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্য আব্দুল্লাহ আল মোমেন ও আল-আমিনের দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫-৬ জন সহযোগী পালিয়ে গেলেও লুৎফরকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁর বসতঘর থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল জুস ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে— বোতলের ক্যাপ লাগানোর বিশেষ মেশিন, ইলেকট্রিক মিক্সার, প্যাকেজিং মেশিন, হট এয়ার গান, মেয়াদ স্পট সিল, প্রায় ১ হাজার ২০টি বোতলের ক্যাপ, ১৬৫টি খালি বোতল এবং কেলমন, স্পিড, ফ্রুটিকাসহ বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের অগণিত নকল লেবেল ও স্টিকার। এছাড়া ভেজাল জুস তৈরিতে ব্যবহৃত সেগারিন, টক চিনি, বিষাক্ত ফ্লেভার ও কেমিক্যাল তরল উদ্ধার করা হয়।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে কোনো বৈধ অনুমোদন ছাড়াই ক্ষতিকর রাসায়নিক দিয়ে ভেজাল জুস তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি করে আসছিলেন।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়েরের পর আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
kalprakash.com/IM