কারিগরি ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে দীর্ঘ সময় আটকে থাকার পর দেশে ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩০৬।
রোববার (৯ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে আড়াই শতাধিক যাত্রী নিয়ে বোয়িং উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।
বিমানের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, কারিগরি পরীক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত শেষে শনিবার স্থানীয় সময় রাত ১১টায় ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।
এর আগে গত বৃহস্পতিবার আড়াই শতাধিক যাত্রী নিয়ে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা করেছিল ড্রিমলাইনার বহরের উড়োজাহাজটি। পথে ফ্লাইটে আকস্মিক যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক দল রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হন। উড়োজাহাজটি সচল করতে ঢাকা থেকে দ্রুত প্রকৌশলী দল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
অবতরণকালে যাত্রীদের সুযোগ-সুবিধা প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, রোমে আটকে পড়া যাত্রীদের সুবিধার্থে স্থানীয় হোটেল ও বিমানবন্দরের লাউঞ্জে অবস্থানের ব্যবস্থা করা হয়। বিশেষ করে বয়োবৃদ্ধ, নারী ও শিশুদের ওষুধসহ জরুরি সুবিধা প্রদান নিশ্চিত করা হয়েছিল। পুরো পরিস্থিতি ঢাকায় সার্বক্ষণিক তদারকি এবং ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের সহায়তা ও সমন্বয়ে সুরাহা করা হয়।
kalprakash.com/IM