নারীর রাজনৈতিক অধিকার, সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্ব বিকাশে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা জোরদারের লক্ষ্যে ময়মনসিংহে ‘হার ভোট, হার সিট’ (Her Vote, Her Seat) ক্যাম্পেইনের জেলা পর্যায়ের মিডিয়া ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) ময়মনসিংহ নগরীর শাপলা রিসোর্স সেন্টারে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট অলটারনেটিভ (WADA)-এর যৌথ আয়োজনে দিনব্যাপী এ মিডিয়া সেমিনার অনুষ্ঠিত হয়।
আয়োজনে বক্তারা উদ্বেগ প্রকাশ করে জানান, বর্তমানে বাংলাদেশে মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী এবং ভোটাধিকার প্রয়োগেও তাঁদের উপস্থিতি ঈর্ষণীয়। তবে ভোটের মাঠে সাধারণ নারীদের এই সক্রিয় অংশগ্রহণ রাজনৈতিক নেতৃত্ব ও নীতি-নির্ধারণী পর্যায়ে দৃশ্যমান হচ্ছে না। বর্তমানে দেশের নির্বাচিত প্রতিনিধি ও নীতি-নির্ধারণী সরাসরি রাজনৈতিক নেতৃত্বে নারীদের অংশগ্রহণ মাত্র ২ দশমিক ৩৩ শতাংশে সীমাবদ্ধ।
অনুষ্ঠানে মূল বক্তা ও প্রশিক্ষক হিসেবে বিষয়ভিত্তিক আলোচনা পরিচালনা করেন বাংলাদেশ বেতার ময়মনসিংহের সংবাদ পাঠক ও উপস্থাপক কৃষিবিদ নাদিরা জান্নাত রাখি এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্টের প্রতিনিধি মোসাদ্দেক হোসেন। তাঁরা সংবাদ ও ডিজিটাল কনটেন্ট নির্মাণে জেন্ডার-সংবেদনশীলতা বজায় রাখা, নারীদের প্রতি বৈষম্যমূলক শব্দ ও ভাষার ব্যবহার পরিহার, অনলাইন প্ল্যাটফর্মে নারী রাজনীতিকদের নিরাপত্তা এবং অপতথ্য শনাক্ত ও মোকাবিলার কৌশলসমূহ বিস্তারিত তুলে ধরেন।
বক্তারা জোর দিয়ে বলেন, “নারীর রাজনৈতিক সচেতনতা কেবল ভোট প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রকৃত ক্ষমতায়ন অর্জন সম্ভব নয়। শীর্ষ নেতৃত্বে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পাশাপাশি রাজনৈতিক দল, গণমাধ্যম ও নাগরিক সমাজকে একযোগে কাজ করতে হবে।”
মিডিয়া ওরিয়েন্টেশনে ময়মনসিংহ বিভাগের মহিলা বিষয়ক অধিদপ্তর ও সমাজসেবা অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর, তরুণ রাজনৈতিক কর্মী, যুব অ্যাক্টিভিস্ট, স্বেচ্ছাসেবক, নাট্যকর্মী ও প্রগতিশীল শিল্পীরা অংশ নেন।
দিনব্যাপী এ সেশনের শেষভাগে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে উপস্থিত প্রতিনিধিরা গণমাধ্যমে নারী রাজনৈতিক ব্যক্তিত্বদের নীতি ও আদর্শের ইতিবাচক গল্প ফুটিয়ে তোলা এবং তরুণ সমাজকে এই আন্দোলনে সম্পৃক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
kalprakash.com/IM