পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষের মৌলিক সাংবিধানিক অধিকার, জননিরাপত্তা ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিএনপি) নতুন কেন্দ্রীয় কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকালে রাঙামাটি পৌরসভা সংলগ্ন মৃধা ভবনের ৩য় তলায় নবনির্মিত এই কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।
পিসিএনপির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান লাল ফিতা কেটে এবং বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, ইসলামিক সেন্টারের চেয়ারম্যান ও প্রবীণ সমাজসেবক অ্যাডভোকেট মোক্তার আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি প্রদান করেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, পিসিএনপি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. শাহজালাল রানা, হেফাজতে ইসলামের রাঙামাটি জেলা সভাপতি মাওলানা শরিয়ত উল্লাহ, রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুস শুক্কুর, পিসিএনপি রাঙামাটি জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক, বান্দরবান জেলা সভাপতি মাওলানা আবুল কালাম, রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির এবং পিসিএনপি খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেনসহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস, সাধারণ সম্পাদক হাবীব আজম, যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফসার রনি, মহিলা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোরশেদা আক্তার, পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পিসিসিপি খাগড়াছড়ি জেলা প্রতিষ্ঠাতা সভাপতি সুমন আহম্মেদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং বান্দরবান জেলা সিনিয়র সহ-সভাপতি জমির উদ্দিনসহ অন্যান্য প্রতিনিধিরা।
উদ্বোধনী পর্ব শেষে হেফাজতে ইসলাম রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক ও কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাশেমের পরিচালনায় দেশ ও পার্বত্য অঞ্চলের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পাহাড়ের সমতল ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সব সাধারণ মানুষের সমঅধিকার ও নিরাপত্তা নিশ্চিতে আপসহীনভাবে কাজ করে যাচ্ছে। নতুন এই স্থায়ী কার্যালয় চালুর ফলে সংগঠনের গতিশীলতা বহুগুণ বৃদ্ধি পাবে।
বক্তারা পাহাড়ে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের চাঁদাবাজি ও সহিংসতার কঠোর সমালোচনা করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র বন্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একই সাথে ১৯০০ সালের ঔপনিবেশিক পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি (১৯০০ ম্যানুয়াল) স্বাধীন বাংলাদেশের মূল সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ায় তা সম্পূর্ণ বাতিলের দাবি জানান তাঁরা।
kalprakash.com/IM