দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবারও সোনার দামে বড় লাফ দেখা দিয়েছে। ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আজ শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকেই সারা দেশে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। ফলে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় সরকারি ভ্যাটসহ স্বর্ণের নতুন মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এই দর বহাল থাকবে। উল্লেখ্য, এর আগে গতকাল শুক্রবার সকালেই ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। এক দিনের ব্যবধানেই সেই ছাড় পেরিয়ে ফের রেকর্ড উচ্চতায় পৌঁছাল সোনা।
এদিকে স্বর্ণের দামে বড় পরিবর্তন আসলেও দেশের বাজারে রুপার দর অপরিবর্তিত রয়েছে। বাজারে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৮৯৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকায় কেনাবেচা হচ্ছে।
kalprakash.com/IM