শনিবার, ৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮ | দুপুর ৩:৪৯:৪৪

চলতি মাসেই লঘুচাপের শঙ্কা, কয়েকটি বিভাগে হতে পারে বন্যা

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:১০
শেয়ার: mail
চলতি মাসেই লঘুচাপের শঙ্কা, কয়েকটি বিভাগে হতে পারে বন্যা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চলতি আগস্ট মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বজ্রঝড়, নতুন লঘুচাপ ও একাধিক বিভাগে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই মাসে দিন ও রাতের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান স্বাক্ষরিত দীর্ঘমেয়াদি এক পূর্বাভাস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, চলতি আগস্ট মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। একই সঙ্গে এ মাসে সারা দেশে ৫ থেকে ৬ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় এবং ১ থেকে ২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় দৈনিক গড় বাষ্পীভবন ২.৫ থেকে ৪.৫ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৫.৫ থেকে ৬.৫ ঘণ্টা হতে পারে।

বৃষ্টিপাত ও নদ-নদীর অবস্থা সম্পর্কে বুলেটিনে বলা হয়, ভারি বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য অঞ্চলে স্বল্পমেয়াদি স্থানীয় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এর ফলে দেশের প্রধান প্রধান নদ-নদীর পানি সামগ্রিকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে সদ্যবিদায়ী জুলাই মাসের আবহাওয়া পর্যালোচনায় দেখা গেছে, গত মাসে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ৩৫.৬ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৫৯ শতাংশ এবং সিলেট বিভাগে ৩৭.৩ শতাংশ বেশি বৃষ্টি রেকর্ড করা হয়। তবে ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে সামান্য (০.০৫%) কম ছিল।

উল্লেখ্য, জুলাই মাসে বঙ্গোপসাগরে ৩টি লঘুচাপ সৃষ্টি হয়, যার মধ্যে দুটি নিম্নচাপে পরিণত হয়। গত মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস (৪ জুলাই) এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২২ ডিগ্রি সেলসিয়াস (২১ ও ২২ জুলাই)। এছাড়া গত ৮ জুলাই চট্টগ্রামে দেশের সর্বোচ্চ ৩২৯ মিলিমিটার দৈনিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward