শনিবার, ৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮ | রাত ২:২০:৩৬

এন্দ্রিককে দলে নিতে আগ্রহী তিন লা লিগা ক্লাব

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৪:৪৮
শেয়ার: mail
এন্দ্রিককে দলে নিতে আগ্রহী তিন লা লিগা ক্লাব

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চলমান গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিককে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে স্পেনের তিনটি ক্লাব। তাদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে রিয়াল সোসিয়েদাদ।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, এন্দ্রিকের বর্তমান পরিস্থিতি সম্পর্কে রিয়াল মাদ্রিদের সঙ্গে যোগাযোগ করেছে রিয়াল সোসিয়েদাদ। ক্লাবটি আগামী মৌসুমের জন্য তাকে ধারে দলে নেওয়ার সম্ভাবনা যাচাই করছে।

প্রতিবেদন অনুযায়ী, সোসিয়েদাদ এমন একজন দ্রুতগতির ফরোয়ার্ড খুঁজছে, যিনি রক্ষণভাগ ভেঙে গোলের সুযোগ তৈরি করতে সক্ষম। এন্দ্রিকের মধ্যে সেই গুণাবলি রয়েছে বলেই মনে করছে ক্লাবটি।

এটি অবশ্য প্রথমবার নয়, এর আগেও এন্দ্রিককে দলে নিতে চেষ্টা করেছিল রিয়াল সোসিয়েদাদ। এক বছর আগে তাকে ধারে নেওয়ার আলোচনা অনেক দূর এগোলেও ইনজুরির কারণে শেষ পর্যন্ত চুক্তিটি আর বাস্তবায়ন হয়নি।

শুধু সোসিয়েদাদই নয়, লা লিগার আরও দুই ক্লাব রিয়াল বেতিস ও ভিয়ারিয়ালও ব্রাজিলিয়ান এই তরুণ ফরোয়ার্ডের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আগামী মৌসুমে তিন ক্লাবই ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশ নেবে। আর নিয়মিত খেলার পাশাপাশি ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করার সুযোগ খুঁজছেন এন্দ্রিকও।

এদিকে, রিয়াল মাদ্রিদে ইয়ান দিওমান্দে ও কার্লোস এসপির আগমনের পর এন্দ্রিকের প্রথম একাদশে জায়গা পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। ফলে নতুন মৌসুমে ধারে অন্য ক্লাবে যাওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে এন্দ্রিকের পারফরম্যান্সও ছিল স্মরণীয়। ২০২৪-২৫ মৌসুমের কোপা দেল রে সেমিফাইনালের দুই লেগেই গোল করেছিলেন তিনি, যা এখনও সোসিয়েদাদ সমর্থকদের মনে আছে।

এ পর্যন্ত রিয়াল মাদ্রিদের জার্সিতে ৪০ ম্যাচে ৭ গোল করেছেন এন্দ্রিক। অন্যদিকে, গত মৌসুমের দ্বিতীয়ার্ধে ধারে লিওঁর হয়ে খেলেন তিনি। সেখানে ২১ ম্যাচে করেন ৮ গোল, যা তার সম্ভাবনার প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward