রবিবার, ৯ আগস্ট, ২০২৬ | ২৪ শ্রাবণ, ১৪৩৩ | ২৪ সফর, ১৪৪৮ | রাত ১২:৪১:৪৯

ক্যান্সারের বিরুদ্ধে লড়াই থামল, ২৬ বছরেই না ফেরার দেশে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সিডনি টাওল

বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৩:২৪
শেয়ার: mail
ক্যান্সারের বিরুদ্ধে লড়াই থামল, ২৬ বছরেই না ফেরার দেশে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সিডনি টাওল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দুর্লভ ও আক্রমণাত্মক পিত্তনালির ক্যান্সারের (কোলাঞ্জিওকারসিনোমা) সঙ্গে দীর্ঘদিন লড়াই করে মারা গেছেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সিডনি টাওল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৬ বছর। তার মৃত্যুর খবর প্রকাশের পর ভক্ত ও অনুসারীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সিডনির পরিবারের পক্ষ থেকে তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। পরিবার জানায়, পিত্তনালির ক্যান্সার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ায় জটিলতা তৈরি হয় এবং শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।

টিকটকে প্রকাশিত এক ভিডিও বার্তায় সিডনির ভাই অস্টিন টাওল জানান, প্রায় তিন বছর ধরে কোলাঞ্জিওকারসিনোমার বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করার পর আগের রাতে সিডনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভিডিওটিতে তাদের মাও উপস্থিত ছিলেন।

মৃত্যুর কয়েক দিন আগে তাকে হসপিস কেয়ারে স্থানান্তর করা হয়েছিল। মৃত্যুর সময় তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বসবাস করছিলেন।

সিডনি টাওলের টিকটকে ১০ লাখেরও বেশি এবং ইনস্টাগ্রামে ২ লাখের বেশি অনুসারী ছিল। গত তিন বছর ধরে কেমোথেরাপি, চিকিৎসা, মানসিক সংগ্রাম, আশা ও জীবনের নানা অভিজ্ঞতা তিনি নিয়মিত অনুসারীদের সঙ্গে ভাগ করে নিতেন। তার সাহসিকতা এবং ইতিবাচক মনোভাব অসংখ্য মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে।

পরিবার এক বিবৃতিতে জানায়, সিডনি যেভাবে সাহস ও দৃঢ়তার সঙ্গে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করেছেন এবং নিজের যাত্রা লাখো মানুষের সঙ্গে ভাগ করে নিয়েছেন, তা তাদের জন্য গর্বের বিষয়।

পরিবার আরও জানায়, দুর্লভ এই ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানুষকে নিজের স্বাস্থ্য নিয়ে আরও সচেতন হতে উদ্বুদ্ধ করাই ছিল সিডনির অন্যতম লক্ষ্য। তার সেই প্রচেষ্টা ও উত্তরাধিকার তারা ভবিষ্যতেও এগিয়ে নিয়ে যাবেন।

সিডনির মৃত্যুর খবর প্রকাশের পর তার সামাজিক যোগাযোগমাধ্যমে হাজারো ভক্ত ও অনুসারী শোক প্রকাশ করেন। অনেকে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার সাহসিকতা, ইতিবাচক মানসিকতা এবং অনুপ্রেরণামূলক জীবনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward