সোমবার, ৩ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮ | রাত ৯:৪৫:১৪

প্রতিমন্ত্রীর নাম-স্বাক্ষর জাল করে তদবির, মোংলায় গ্রেপ্তার ১

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ২:০৮
শেয়ার: mail
প্রতিমন্ত্রীর নাম-স্বাক্ষর জাল করে তদবির, মোংলায় গ্রেপ্তার ১

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম, পদবি ও স্বাক্ষর জাল করে অবৈধ তদবিরের অভিযোগে মো. কামরুজ্জামান টুকু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবিসংবলিত একটি সিল এবং একটি স্ট্যাম্প প্যাড জব্দ করা হয়।

গ্রেপ্তার কামরুজ্জামান টুকু হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে।

পুলিশ জানায়, প্রতিমন্ত্রীর পরিচয় ব্যবহার করে একটি চক্র বিভিন্ন ব্যক্তির কাছে তদবির ও প্রভাব খাটানোর মাধ্যমে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছে—এমন তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু হয়। পরবর্তীকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনের অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম জানান, অভিযানে প্রতিমন্ত্রীর নাম ও পদবিসংবলিত একটি সিল এবং স্ট্যাম্প প্যাড উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে এসব ব্যবহার করে প্রতিমন্ত্রীর পরিচয় ভাঙিয়ে তদবির চালানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় মোংলা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward