মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | রাত ১:২২:১৫

রাঙ্গামাটিতে জামায়াতের গণমিছিল: অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১১:১২
শেয়ার: mail
রাঙ্গামাটিতে জামায়াতের গণমিছিল: অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পৌরসভা শাখার উদ্যোগে গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরে এক বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি রাঙ্গামাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।

পৌরসভা জামায়াতের সেক্রেটারি আবুল বাশারের সঞ্চালনায় এবং পৌর আমীর অ্যাডভোকেট মাইন উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙ্গামাটি জেলা জামায়াতের আমীর আব্দুল আলীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা সেক্রেটারি মনছুরুল হক, জেলা প্রচার সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলা সভাপতি মোহাম্মদ রবিউল ইসলামসহ জেলা ও পৌরসভার শীর্ষ নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর আব্দুল আলীম বলেন, “২০২৪ সালের ১ আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল। কিন্তু ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের মুখে মাত্র চার দিনের ব্যবধানে সেই আওয়ামী লীগই ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে বিতাড়িত হয়। বর্তমান সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করে, তবে জনগণের আস্থাহীনতায় তাদেরও একই পরিণতির মুখোমুখি হতে হবে।”

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের স্বপ্নের বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward