সোমবার, ৩ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮ | রাত ৯:৪৫:২৭

বিশ্বকাপ কোনো বিক্রির পণ্য নয়: ফিফাকে ধুয়ে দিল ইউরোপীয় ইউনিয়ন

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১০:০০
শেয়ার: mail
বিশ্বকাপ কোনো বিক্রির পণ্য নয়: ফিফাকে ধুয়ে দিল ইউরোপীয় ইউনিয়ন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপসহ নিজেদের বৈশ্বিক টুর্নামেন্টগুলো পরিচালনার জন্য ২ হাজার কোটি (২০ বিলিয়ন) ডলারের একটি বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান গঠন এবং এর সর্বোচ্চ ২০ শতাংশ শেয়ার বাইরের স্বতন্ত্র বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা হাতে নেওয়ার পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার বিরুদ্ধে বিশ্বজুড়ে চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ফিফার এমন পদক্ষেপে উষ্মা প্রকাশ করে এবার আন্তর্জাতিক মঞ্চে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বুধবার (২৯ জুলাই) ইইউর স্পোর্টস কমিশনার গ্লেন মিকাল্লেফ ফিফাকে উদ্দেশ্য করে সরাসরি বার্তা দিয়ে বলেন, “এটি কোনো বেসবল খেলা নয়। ফুটবলকে ব্যবসা বানানোর খেলা থেকে আপনারা দূরে থাকুন।”

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মিকাল্লেফ আরও লেখেন, “ফুটবলের লাগামহীন বাণিজ্যিকীকরণ খেলাটির মূল চেতনাকে ক্রমেই ধ্বংস করে দিচ্ছে। বাণিজ্যিক সাফল্য ফুটবলের ভিত্তিমূলকে শক্তিশালী করার কাজে লাগার কথা, খেলাটিকে গিলে খাওয়ার জন্য নয়।”

ফিফা সম্প্রতি নিজেদের প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক কার্যক্রম গতিশীল করতে একটি আধা-বেসরকারি সহযোগী প্রতিষ্ঠান (সাবসিডিয়ারি) গঠনের উদ্যোগ নেয়। এই বাণিজ্যিক সত্তার অংশীদারিত্বের নির্দিষ্ট অংশের শেয়ার বা স্বত্ব দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক বেসরকারি মূলধন বা বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার উদ্যোগ নেওয়া হয়।

ইইউ স্পোর্টস কমিশনার আশঙ্কা প্রকাশ করে জানান, ফিফার এমন একপাক্ষিক বাণিজ্যনীতি ইউরোপীয় ইউনিয়নের মুক্ত প্রতিযোগিতা আইন লঙ্ঘনের গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। ইউরোপীয় অঞ্চলের সর্বোচ্চ আদালত পূর্বেও নির্দেশ দিয়েছে যে, খেলাধুলার নীতিমালা ও সিদ্ধান্তে যদি কোনো আর্থিক স্বার্থ যুক্ত হয়, তবে তা সরাসরি ইইউর আইনি পর্যালোচনার আওতায় আসবে। তাই বিষয়টি নিয়ে ইউরোপীয় কমিশন গভীর পর্যবেক্ষণে রয়েছে।

মিকাল্লেফ আরও সতর্ক করে বলেন, ফিফার নীতি-নির্ধারণী নিয়ন্ত্রণক্ষমতা যদি বেসরকারি বিনিয়োগকারীদের আর্থিক মুনাফার স্বার্থের সাথে জড়িয়ে যায়, তবে স্বার্থের চরম দ্বন্দ্ব বা ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ দেখা দেবে। তখন সাধারণ ফুটবল নয়, সিদ্ধান্তগুলো মুনাফাকেন্দ্রীক হয়ে উঠবে।

ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা ‘উয়েফা’ (UEFA) এবং ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (FA) ফিফার এ উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে। যৌথভাবে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ‘বিশ্বকাপ’ বিশ্ব ফুটবলের সর্বজনীন ঐতিহ্য, এটি বেচাকেনার কোনো বাজারিপণ্য হতে পারে না।

এক বিবৃতিতে ইংলিশ এফএ ক্ষোভ প্রকাশ করে জানায়, বহুল বিতর্কিত এই পরিকল্পনার বিষয়ে সদস্য দেশগুলোর সঙ্গে কোনো পরামর্শ বা তথ্য দেওয়া হয়নি। গোপন উপায়ে এ ধরনের বাণিজ্যিকীকরণ বাস্তবায়নের পেছনে অস্বচ্ছতা ও সুশাসনের চরম অভাব রয়েছে।

এদিকে ইউরোপীয় বিভিন্ন সংবাদমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, ফিফার প্রস্তাবিত ওই সাবসিডিয়ারির সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের ব্যবসায়িক সংযোগ থাকার সম্ভাবনা রয়েছে। যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি ফিফা কর্তৃপক্ষ।

যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে লেখেন, “ফুটবল ব্যক্তিগত কোনো বিনিয়োগকারীর সম্পত্তি নয় এবং বিশ্বকাপ কোনো বিক্রিযোগ্য বাণিজ্যিক পণ্য হতে পারে না। এটি বিশ্বের শতকোটি মানুষের আবেগের সবচেয়ে বড় আসর, তা কারও কাছে বিক্রি করে দেওয়ার একচ্ছত্র অধিকার ফিফাকে কেউ দেয়নি।”

তবে বিশ্বজুড়ে চলমান এই সমালোচনার মুখে নিজেদের অবস্থান পরিষ্কারের চেষ্টা করেছে ফিফা। এক ব্যাখ্যায় সংস্থাটি জানায়, প্রস্তাবিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (FFE)-এ সংখ্যালঘু অংশীদার হিসেবে কেবল দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের যুক্ত করার কথা ভাবা হয়েছে। ফুটবলের প্রশাসনিক পূর্ণ নিয়ন্ত্রণ ও টুর্নামেন্ট পরিচালনার সর্বময় সিদ্ধান্ত কেবল ফিফার হাতেই সুরক্ষিত থাকবে।

সূত্র: রয়টার্স

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward