সোমবার, ৩ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮ | রাত ১০:৫৫:১৩

ভিপির নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচি বয়কট সাংবাদিকদের

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১০:৩০
শেয়ার: mail
ভিপির নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচি বয়কট সাংবাদিকদের

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব ধরনের কর্মসূচি বয়কটের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের তিন সংগঠন। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে সারা দেশের সাংবাদিকদের সম্পৃক্ত করে কঠোর কর্মসূচি গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

বুধবার (২৯ জুলাই) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস), রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (রুরু) যৌথ এক প্রতিবাদলিপিতে এ আলটিমেটাম ও বয়কটের ঘোষণা দেওয়া হয়।

যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার শিক্ষা, জ্ঞানচর্চা ও গবেষণার প্রাণকেন্দ্র। প্রক্টর দপ্তরে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে রাকসু ভবনে হামলা ও পরবর্তীতে রাকসু ও শাখা শিবিরের শীর্ষ নেতাদের উপস্থিতিতে কেন্দ্রীয় লাইব্রেরিতে ঢুকে যে হামলার ঘটনা ঘটেছে, তা ক্যাম্পাসের শিক্ষার সার্বিক পরিবেশকে চরমভাবে বিঘ্নিত করেছে। এ নিয়ে রাকসু আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকরা দায়িত্বশীল প্রশ্ন করলে ভিপি মোস্তাকুর রহমান জাহিদ সুনির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়াই সাংবাদিকদের নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষপাতিত্ব করার অসত্য অভিযোগ তোলেন। তিনি সাংবাদিকদের বিরুদ্ধে ‘ছাত্রলীগের পক্ষে মায়াকান্না’ ও ‘ছাত্রলীগকে ডিফেন্ড করা’সহ নানা ভিত্তিহীন ট্যাগ দেন এবং প্রতিবেদন তৈরি করা সাংবাদিকদের ‘একত্রিত করে ব্যবস্থা নেওয়ার’ প্রত্যক্ষ হুমকি দেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ওই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান ও কর্মরত সাংবাদিকদের কটাক্ষ করে কুরুচিপূর্ণ পোস্ট করেন রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারসহ কয়েকজন নেতা। কোনো সংগঠন সরকার কর্তৃক নিষিদ্ধ হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার এখতিয়ার কেবল রাষ্ট্র ও আইন প্রয়োগকারী সংস্থার; কোনো ছাত্র সংসদ বা তার প্রতিনিধিরা বিচারকের ভূমিকা নিতে পারে না।

এমতাবস্থায়, ভিপি মোস্তাকুর রহমান জাহিদ প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত তিন সাংবাদিক সংগঠনের সদস্যরা রাকসুর যেকোনো সংবাদ সংগ্রহ ও প্রকাশ থেকে সম্পূর্ণ বিরত থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বেঁধে দেওয়া ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা প্রার্থনা না করা হলে সারা দেশের পেশাদার সাংবাদিকদের সঙ্গে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward