ক্যাশলেস বা নগদবিহীন লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সার্বজনীন করার লক্ষ্যে নাটোরে আনুষ্ঠানিকভাবে ‘বাংলা কিউআর কোড’ লেনদেন সেবার উদ্বোধন করেছে জনতা ব্যাংক পিএলসি। জনতা ব্যাংক পিএলসি, পটুয়াপাড়া শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকার নর্থ বেঙ্গল সুপার মার্কেটের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে কিউআর কোডের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধের মাধ্যমে সেবা কার্যক্রমটির শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি, রাজশাহী বিভাগের বিভাগীয় প্রধান ও জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. জাহাংগীর হোসেন জোয়াদ্দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনতা ব্যাংক নাটোর অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. সফিকুর রহমান এবং পটুয়াপাড়া শাখার ব্যবস্থাপক মো. মাসুদ পারভেজ। এছাড়া ব্যাংকের নাটোর অঞ্চলের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও স্থানীয় সুধীজনেরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. জাহাংগীর হোসেন জোয়াদ্দার বলেন, “ক্যাশলেস সোসাইটি গঠনের লক্ষ্যে ‘বাংলা কিউআর’ একটি সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে সাধারণ ক্রেতারা যেকোনো ব্যাংকের অ্যাপ বা ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে মুহূর্তে ও নিরাপদে কেনাকাটার বিল পরিশোধ করতে পারবেন।”
বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা উল্লেখ করেন, এই সেবার ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা সরাসরি ডিজিটাল ব্যাংকিং লেনদেনের আওতায় আসবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি ও ঝামেলা কমার পাশাপাশি স্মার্ট ব্যাংকিং ব্যবস্থা আরও এক ধাপ এগিয়ে যাবে।
kalprakash.com/IM