বিশ্বজুড়ে বাড়ছে লিভারজনিত নানাবিধ জটিলতা। সাম্প্রতিক সময়ে দূষিত পানি ও অস্বাস্থ্যকর খাবারের মাধ্যমে শরীরে বাসা বাঁধছে মারাত্মক ভাইরাস হেপাটাইটিস। যা নিয়ে উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মাঝে। তবে কেবল ওষুধ বা খাদ্যাভ্যাস নয়, নিয়মিত জীবনযাপন ও কিছু বিশেষ যোগাসনের মাধ্যমে লিভার বা যকৃৎ সুস্থ রাখা সম্ভব।
মানবদেহে লিভারের গুরুত্ব অপরিসীম। মূলত লিভারে ভাইরাসের সংক্রমণের ফলেই হেপাটাইটিস দেখা দেয়। চিকিৎসকদের মতে, হেপাটাইটিস প্রধানত ৫ প্রকারের হয়— এ, বি, সি, ডি এবং ই।
এর মধ্যে হেপাটাইটিস ‘এ’ এবং ‘ই’ ছড়ায় দূষিত খাবার ও পানীয়ের মাধ্যমে। অন্যদিকে, হেপাটাইটিস ‘বি’, ‘সি’ এবং ‘ডি’ সংক্রামিত হয় আক্রান্ত ব্যক্তির রক্ত ও দেহরসের মাধ্যমে। এ ভাইরাসের আক্রমণে লিভারের স্বাভাবিক কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হয়, যার ফলে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে জন্ডিসের মতো উপসর্গ দেখা দেয়।
হেপাটাইটিসের ঝুঁকি কমাতে এবং লিভারকে কর্মক্ষম ও সুস্থ রাখতে নিয়মিত কিছু বিশেষ যোগাসন অভ্যাস করা অত্যন্ত কার্যকরী। এর মধ্যে অন্যতম সেরা এক যোগাসন হলো— ‘পরিঘাসন’।
পরিঘাসন করার সঠিক নিয়ম: ১. প্রথমে একটি যোগা ম্যাটের ওপর হাঁটু মুড়ে বজ্রাসনের ভঙ্গিতে বসুন। ২. শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রেখে হাঁটু দুটি মাটিতে ভর দিয়ে শরীর সোজা করে ওপরে তুলুন। এ সময় মেরুদণ্ড বা পিঠ একদম সোজা থাকবে। ৩. এবার বাঁ পা বাঁ দিকে সোজা করে প্রসারিত করুন। ডান পা আগের মতোই হাঁটু মুড়ে ভাঁজ করা থাকবে। ৪. বাঁ হাত দিয়ে বাঁ হাঁটু ধরে রাখুন এবং ডান হাত মাথার ওপর সোজা করে তুলুন। ৫. এবার কোমর থেকে শরীরের ওপরের অংশ ধীরে ধীরে বাঁ দিকে হেলিয়ে দিন। বাঁ হাত দিয়ে যতটা সম্ভব বাঁ পায়ের পাতা বা গোড়ালি স্পর্শ করার চেষ্টা করুন। ৬. একইভাবে বিপরীত পাশে (ডান পা প্রসারিত করে) আসনটি পুনরাবৃত্তি করুন।
নিয়মিত পরিঘাসন অনুশীলন করলে পেটের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গগুলো উদ্দীপিত হয় এবং লিভারের স্বাভাবিক কার্যক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায়।
kalprakash.com/IM