সোমবার, ৩ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮ | রাত ১০:৫৫:১৩

হরমুজ ইস্যুতে সমাধান ছাড়া যুদ্ধবিরতিতে রাজি নয় ইরান

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৪:২৭
শেয়ার: mail
হরমুজ ইস্যুতে সমাধান ছাড়া যুদ্ধবিরতিতে রাজি নয় ইরান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে মূল বিরোধের সমাধান ছাড়া কোনো অস্থায়ী সমঝোতায় যেতে আগ্রহী নয় তারা।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের বরাতে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওয়াশিংটন সফরের পর ইরাকি প্রধানমন্ত্রী আলী আল-জাইদি তেহরানে গিয়ে ট্রাম্পের প্রস্তাবটি ইরানি নেতৃত্বের কাছে পৌঁছে দেন।

প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর আল-জাইদি ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলোচনা করেন।

তবে ইরানি কর্মকর্তাদের মতে, প্রস্তাবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ বিরোধগুলোর বিষয়ে কোনো স্পষ্ট সমাধানের কথা বলা হয়নি। এ কারণে প্রস্তাবটি গ্রহণে আগ্রহ দেখায়নি তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া বক্তব্যে বলেন, সমস্যা যুদ্ধবিরতির প্রস্তাব নয়, বরং যুক্তরাষ্ট্রের নীতি। তার ভাষ্য, ওয়াশিংটনের ‘অযৌক্তিক ও অতিরিক্ত চাপ প্রয়োগের’ নীতির বিরোধিতা করছে ইরান।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাত আরও জটিল আকার ধারণ করেছে। অভিযোগ রয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনার পাশাপাশি রেলপথ, বিমানবন্দর, সেতু ও সমুদ্রবন্দরের মতো অবকাঠামোতেও হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ইরান পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তেহরান বা গুরুত্বপূর্ণ স্থাপনায় আরও হামলা চালায়, তাহলে সংঘাত আরও বড় আকার নিতে পারে। এমন পরিস্থিতিতে ইরান ইসরায়েলের ওপর হামলা বাড়ানোর পাশাপাশি ইয়েমেনের হুথি মিত্রদের সহায়তায় লোহিত সাগরের কৌশলগত বাব আল-মান্দাব প্রণালি বন্ধের বিষয়ও বিবেচনা করতে পারে।

মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা নতুন করে বিশ্ব রাজনীতিতে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ ঘিরে যে কোনো অস্থিরতা বৈশ্বিক তেল বাজারেও বড় প্রভাব ফেলতে পারে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward