অধিকৃত পশ্চিম তীরের নাবলুস-সংলগ্ন ফিলিস্তিনের তাল ও সারা গ্রামে ইসরায়েলি সামরিক বাহিনীর কড়া নিরাপত্তায় উসকানিমূলক মিছিল করেছে একদল অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ফিলিস্তিনি বাসিন্দাদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, সেনাদের সুরক্ষায় বসতি স্থাপনকারীরা গ্রাম দুটির ভেতরের রাস্তা দিয়ে হেঁটে মিছিল নিয়ে যাওয়ার সময় তাল গ্রামের কাছে অবস্থিত একটি ফিলিস্তিনি কবরস্থানে ব্যাপক তাণ্ডব ও ভাঙচুর চালায়। তারা ফিলিস্তিনিদের কবরের ওপর স্থাপিত স্মৃতিফলক ও পাথরের কাঠামো ভেঙে গুঁড়িয়ে দেয়।
গ্রামবাসীরা জানান, বসতি স্থাপনকারীদের এই তাণ্ডব ও ন্যাক্কারজনক ভাঙচুরের প্রতিবাদ করতে গেলে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের লক্ষ্য করে উল্টো কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
অধিকারকর্মীরা সতর্ক করে বলেছেন, পশ্চিম তীরে সাম্প্রতিক সময়ে সেনা পাহারায় অবৈধ বসতি স্থাপনকারীদের এ ধরনের সহিংস তাণ্ডব বৃদ্ধি পাওয়ায় স্থানীয় সাধারণ ফিলিস্তিনি জনগোষ্ঠীর নিরাপত্তা ও সার্বিক পরিবেশ চরম হুমকির মুখে পড়েছে।
kalprakash.com/IM