সোমবার, ৩ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮ | রাত ১০:৫৫:১৯

সন্ধ্যা ৬টার মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৪:৩১
শেয়ার: mail
সন্ধ্যা ৬টার মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশের সব বিভাগেই আগামী কয়েকদিন কম-বেশি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২২ জুলাই) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ৩০ মিলিমিটার এবং বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আরও ১০ মিলিমিটার বৃষ্টিপাত নথিভুক্ত করেছে আবহাওয়া অধিদপ্তর।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকায় গত ৩০ ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাজধানীতে কয়েকদিন ধরেই থেমে থেমে কম-বেশি বৃষ্টি হচ্ছে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া বলেন, ঢাকায় আপাতত খুব ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী এক থেকে দুই দিন এমন আবহাওয়া বিরাজ করবে এবং আকাশ মেঘলা থাকতে পারে।

তবে বৃহস্পতিবারের মধ্যে কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবান জেলায় ১৫০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এর ফলে কক্সবাজার ও বান্দরবানে মাঝারি এবং চট্টগ্রামে তুলনামূলক কম মাত্রার ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে ঝড়ো হাওয়ার সম্ভাবনায় দেশের কয়েকটি নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার অভ্যন্তরীণ নদীবন্দরসংক্রান্ত সতর্কবার্তায় বলা হয়েছে, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার সকালে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward