জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যশোরের মণিরামপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখা। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান।
রোববার (১৯ জুলাই) বিকেলে উপজেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মিছিলটি মণিরামপুর বাজারের মোহনপুর এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে এবং গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এ দাবিতে তাঁরা সরকারের প্রতি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
মিছিলে মণিরামপুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।
kalprakash.com/IM