মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | সকাল ৯:৪০:৪৭

২৪ ঘণ্টার ব্যবধানে দুই সন্তানের মৃত্যু, বাবাও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১১:২০
শেয়ার: mail
২৪ ঘণ্টার ব্যবধানে দুই সন্তানের মৃত্যু, বাবাও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর তাঁদের বাবাও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

মৃত দুই শিশু হলো তুহিন (৮) ও তার ছোট ভাই তুষার (৪)। তারা উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া নতুনপাড়া গ্রামের মরজেম আলীর সন্তান। তাঁদের বাবা মরজেম আলী (৩৫) বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে গত ১৩ জুলাই মরজেম আলীর স্ত্রী তুলি বেগম বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে মরজেম আলী দুই ছেলেকে নিয়ে একাই বাড়িতে বসবাস করছিলেন।

১৬ জুলাই রাতে বড় ছেলে তুহিন কলা ও চিড়া এবং মরজেম আলী ও ছোট ছেলে তুষার আলুভর্তা দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে হঠাৎ তুহিন বমি করতে শুরু করলে তাঁর বাবা প্রতিবেশীদের সহায়তায় তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তুহিনকে মৃত ঘোষণা করেন। পরে সেদিন সকালেই তার দাফন সম্পন্ন হয়।

বড় ছেলের দাফনের দিন দুপুরে ছোট ছেলে তুষারও অসুস্থ হয়ে পড়ে। বমি ও অচেতনতার মতো উপসর্গ দেখা দিলে তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ জুলাই) সকালে তুষারের মৃত্যু হয়।

ছোট ছেলের মরদেহ নিয়ে বাড়ি ফেরার কিছুক্ষণ পরই মরজেম আলী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সকাল সাড়ে ১১টার দিকে তিনি হঠাৎ অচেতন হয়ে গেলে প্রতিবেশীরা তাঁকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে অবস্থার আরও অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ২৪ ঘণ্টার মধ্যে একই পরিবারের দুই শিশুর মৃত্যু এবং পরে তাঁদের বাবার গুরুতর অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত চলছে। ছোট ছেলে তুষারের মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার কারণে দুই শিশুর মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward