রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আগামী বুধবার (১৫ জুলাই) নতুন ব্যাচের শিক্ষার্থীদের আগমন ঘটবে। তবে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানোর আগে র্যাগিং প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয় বলে অভিযোগ উঠেছে।
গত বছর র্যাগিং প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে সচেতনতামূলক ব্যানার টাঙানোর পাশাপাশি একাডেমিক ভবন ও আবাসিক হলগুলোতে অভিযোগ বক্স স্থাপন করা হয়েছিল।
তবে এসব উদ্যোগের মধ্যেও গত বছর বিজয়-২৪ হলের ছাদে র্যাগিংয়ের ঘটনা ঘটে। এতে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া আরও নয় শিক্ষার্থীকে সতর্ক করা হয়।
নতুন শিক্ষার্থীদের আগমনের আগে চলতি বছর র্যাগিং প্রতিরোধে প্রশাসনের তেমন কোনো প্রস্তুতি চোখে পড়ছে না বলে অভিযোগ রয়েছে।
সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে টাঙানো র্যাগিংবিরোধী সচেতনতামূলক ব্যানারে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ছাত্ররাজনীতি নিষিদ্ধসংক্রান্ত সিদ্ধান্তের উল্লেখ রয়েছে। তবে একাডেমিক ভবন ও আবাসিক হলগুলোতে র্যাগিং-সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য কোনো অভিযোগ বক্স দেখা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, নতুন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাগিং প্রতিরোধে নিয়মিত প্রচারণা, মনিটরিং এবং অভিযোগ গ্রহণের কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন। কিন্তু নতুন ব্যাচ আসার আগেও এ বিষয়ে প্রশাসনের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, বিষয়টি নিয়ে কাজ চলছে। এ বিষয়ে শিগগিরই নোটিশ দেওয়া হবে।
এদিকে গুচ্ছভুক্ত ভর্তি কমিটির সূত্রে জানা গেছে, সাম্প্রতিক অতিবর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণির জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর চূড়ান্ত ভর্তি কার্যক্রমের সময় বাড়ানো হয়েছে।
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর কোর কমিটির ১২ জুলাইয়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী, চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ১৬ জুলাই পর্যন্ত চলবে। তবে পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাস ১৫ জুলাই অনুষ্ঠিত হবে।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরুর বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব সিদ্ধান্ত নেবে।
মুজতাহিদ মিনার, বেরোবি প্রতিনিধি 

























