দেশের সরকারি দপ্তর ও সংস্থাগুলোর দীর্ঘদিনের শূন্য পদ পূরণে বড় উদ্যোগ নিয়েছে সরকার। মোট ৫ লাখ ২১ হাজার ৯২২টি শূন্য পদে নিয়োগ দিতে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য সাবিকুন্নাহারের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সাল পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে বর্তমানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।
তিনি বলেন, এসব শূন্য পদ দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে পূরণের লক্ষ্যে ‘পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ’ কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে নিয়োগের সর্বশেষ অবস্থা, শূন্য পদের তথ্য এবং প্রয়োজনীয় রিকুইজিশন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং নির্ধারিত সময়ের মধ্যে শূন্য পদ পূরণে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে এসব পদে নিয়োগ সম্পন্ন করা হবে। এর মাধ্যমে সরকারি সেবার মান ও গতি বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অনলাইন ডেস্ক 






















