নরসিংদীর মনোহরদী উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রায় ২৮ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের পাতরদিয়া ঈদগাহ মাঠসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেলে মোটরসাইকেলযোগে দুই যুবক চরসিন্দুর থেকে পাতরদিয়ার দিকে যাচ্ছিলেন। পথে পাতরদিয়া ঈদগাহ মাঠের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত অপর আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মনোহরদী থানার উপ-পরিদর্শক (এসআই) আল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এখনো নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিক তথ্যানুযায়ী, হতাহতরা মাধবদী এলাকার বাসিন্দা হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।”
তিনি আরও জানান, মরদেহটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
kalprakash.com/SAS
মনোহরদী উপজেলা প্রতিনিধি 























