মোংলা ইপিজেডের অভ্যন্তরে অবস্থিত চীনা প্রতিষ্ঠান ‘গুয়াংজু হুয়া ফাং সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিডি কোং লিমিটেড’-এ তুলা থেকে সুতা তৈরির মেশিনে হাত কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে এক শ্রমিকের। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, হাত বিচ্ছিন্ন হওয়ার প্রায় ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা পর আহত শ্রমিককে খুলনার একটি হাসপাতালে নেওয়া হয়। ফ্যাক্টরি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে না নিয়ে যাওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক জানান, একটি মেশিন পরিচালনার জন্য যে সংখ্যক শ্রমিক থাকার কথা, তার চেয়ে কম শ্রমিক দায়িত্বে ছিলেন। ফলে কাজের চাপ অনেক বেশি ছিল। কাজের চাপ সামলাতে গিয়ে মেশিন থেকে কাপড় সরানোর সময় মো. গোলাম নামের এক শ্রমিকের ডান হাত কনুইয়ের নিচ থেকে কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন অংশটি মেশিনের ভেতরে চলে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করেন।
শ্রমিকদের দাবি, উদ্ধারের পরও প্রায় এক ঘণ্টা অপেক্ষা করিয়ে দ্রুত অ্যাম্বুলেন্সে না নিয়ে একটি প্রাইভেট কারে করে তাকে খুলনায় নেওয়া হয়। সেখান থেকে পরে রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়।
তারা আরও জানান, এর আগেও একই ধরনের দুর্ঘটনা ঘটেছে। কিন্তু ফ্যাক্টরি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়নি। এমনকি এসব বিষয়ে মুখ খুললে চাকরি হারানোর ভয়ও দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।
আহত শ্রমিক গোলামের বাড়ি মোংলার চাঁদপাই গ্রামে। তিনি ওই প্রতিষ্ঠানে তুলাজাত সুতা উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ বিভাগে কর্মরত ছিলেন।
এদিকে, ইপিজেডে অ্যাম্বুলেন্স ও হাসপাতাল সুবিধা থাকা সত্ত্বেও গোলামের চিকিৎসার ক্ষেত্রে চরম অবহেলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রমিকরা।
তবে মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক কালাম মো. আবুল বাশার জানান, মঙ্গলবার রাতে ফ্যাক্টরির একটি মেশিনে হঠাৎ আগুন ধরে যায়। পরে মেশিনটি বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু মেশিন বন্ধ হওয়ার পরও এর ব্লেড ঘুরছিল। এ সময় গোলাম মেশিনের ভেতর থেকে কাপড় বের করতে গেলে ব্লেডে আটকে তার হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি বলেন, আহত শ্রমিক বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী তিনি ক্ষতিপূরণ পাবেন। ইতোমধ্যে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
kalprakash.com/SAS
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 























