নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেছেন, শুধু ভারতই নেপালের ভূখণ্ড দখল করে রাখেনি, বরং নেপালও ভারতের কিছু এলাকা দখল করে রেখেছে।
রোববার (৩১ মে) দেশটির সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
সংসদ সদস্য অ্যারেন রাইয়ের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শাহ বলেন, দায়িত্ব নেওয়ার পর তিনি জানতে পেরেছেন যে সীমান্ত বিরোধ একপাক্ষিক নয়। তার ভাষায়, নেপালও একাধিক স্থানে ভারতের কিছু ভূমি নিয়ন্ত্রণে রেখেছে। এ বিষয়ে উভয় দেশের মধ্যে আলোচনা প্রয়োজন।
তিনি আরও বলেন, লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি অঞ্চল নিয়ে বিদ্যমান সীমান্ত বিরোধ কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
প্রধানমন্ত্রী জানান, এ বিষয়ে নেপাল ইতোমধ্যে ভারতের কাছে একটি কূটনৈতিক নোট পাঠিয়েছে এবং তার জবাবও পাওয়া গেছে। ভারতের পক্ষ থেকে যৌথভাবে ইতিহাসবিদ, জরিপ বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি দল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা যায়।
তিনি আরও বলেন, সীমান্ত বিরোধ শুধু ভারত নয়, চীন ও যুক্তরাজ্যের সঙ্গেও আলোচনার বিষয় হয়ে আছে। ব্রিটিশ শাসনামল থেকেই এই সমস্যার সূত্রপাত হওয়ায় যুক্তরাজ্যেরও এতে ভূমিকা থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন।
সরকার বিভিন্ন কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে বাস্তবায়নের উদ্যোগ নেবে বলেও জানান নেপালের প্রধানমন্ত্রী।
kalprakash.com/SS
আন্তর্জাতিক ডেস্ক 



















