মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | বিকাল ৪:১৫:৩১

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৭:৩০
শেয়ার: mail
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকীতে পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সাধারণ পরিষদের সভাপতি, রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজমের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করা হয়েছে সেই মহান বিদ্রোহী কবিকে, যিনি কেবল বাংলা সাহিত্যের অসাধারণ স্রষ্টাই নন, বরং অন্যায়-অবিচার, শোষণ, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে বাঙালির চিরন্তন প্রেরণার নাম।

নজরুল তাঁর লেখনী, গান ও সংগ্রামী চেতনার মাধ্যমে যুগে যুগে নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছেন। “বল বীর- বল উন্নত মম শির!”, “কারার ঐ লৌহকপাট” কিংবা “চল চল চল” এসব শুধু কবিতা বা গান নয়; বরং প্রতিটি অধিকার আদায়ের আন্দোলনে, প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে এবং প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধে বাঙালির সাহসের ভাষা।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও দেখা গেছে, কীভাবে নজরুলের দ্রোহী চেতনা নতুন প্রজন্মকে সাহস জুগিয়েছে। স্বৈরাচারী দমন-পীড়নের বিরুদ্ধে রাস্তায় নামা ছাত্র-জনতার কণ্ঠে উচ্চারিত হয়েছে তাঁর অগ্নিঝরা পঙ্ক্তিমালা। যখন শাসকের রক্তচক্ষু মানুষকে ভয় দেখাতে চেয়েছে, তখন নজরুল শিখিয়েছেন মাথা নত না করে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে।

বর্তমানে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িকতা, সামাজিক বৈষম্য, মতপ্রকাশের সংকট এবং মানবিক অবক্ষয়ের সময়ে নজরুলের অসাম্প্রদায়িক ও সাম্যবাদী চেতনা আরও বেশি প্রাসঙ্গিক। “মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান” এই দর্শন আজও জাতীয় ঐক্য ও সম্প্রীতির ভিত্তি হতে পারে। তিনি শোষিত মানুষের পক্ষে দাঁড়িয়ে যে সাম্যের ডাক দিয়েছিলেন, তা আজও সমাজ পরিবর্তনের সংগ্রামে পথ দেখায়।

পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা হাবীব আজম মনে করেন, তরুণ সমাজের সাহস, মানবিকতা, প্রতিবাদী চেতনা ও আত্মমর্যাদা গঠনে নজরুলের সাহিত্য ও দর্শনের কোনো বিকল্প নেই। যতদিন অন্যায়, শোষণ ও বৈষম্য থাকবে, ততদিন নজরুল প্রাসঙ্গিক থাকবেন; প্রতিটি প্রতিবাদে, প্রতিটি মুক্তির আকাঙ্ক্ষায় এবং প্রতিটি ন্যায়সংগ্রামে।

জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকীতে পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগারের সাধারণ পরিষদ তাঁর আত্মার মাগফিরাত ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে। একই সঙ্গে প্রত্যাশা করা হচ্ছে, নতুন প্রজন্ম নজরুলের মানবিক, সাম্যবাদী ও বিদ্রোহী চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward