শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৭:১৬

জবির নতুন ক্যাম্পাসসহ ১০ প্রস্তাব অনুমোদন, কেনা হবে তেল-এলএনজি

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১১:৫৯
শেয়ার: mail
জবির নতুন ক্যাম্পাসসহ ১০ প্রস্তাব অনুমোদন, কেনা হবে তেল-এলএনজি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আন্তর্জাতিক বাজার থেকে দুই কোটি লিটার সয়াবিন তেল ও তিন কার্গো এলএনজি আমদানিসহ মোট ১০টি প্রস্তাব অনুমোদন দিয়েছে। একই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনের ভূমি উন্নয়ন কাজের সংশোধিত প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০তম সভায় এসব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সভায় মোট ১১টি প্রস্তাব উপস্থাপন করা হলেও বিদ্যুৎ বিভাগের একটি প্রস্তাব আলোচনার তালিকা থেকে প্রত্যাহার করা হয়। বাকি ১০টি প্রস্তাব অনুমোদন পায়।

অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ খাতের অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ ক্রয়, সরকারি ভবন নির্মাণ, র‍্যাবের যানবাহন সংগ্রহ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের ভূমি উন্নয়ন কাজ।

বাণিজ্য মন্ত্রণালয়ের উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দুই কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে। ইন্দোনেশিয়ার পিটি ট্রিনিটি কাহায়া এনার্জি এই তেল সরবরাহ করবে।

এতে মোট ব্যয় হবে ২৮২ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকা। প্রতি লিটার তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৪১ টাকা ২৮ পয়সা।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় স্পট মার্কেট থেকে তিন কার্গো এলএনজি কেনার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

রাজধানীতে লক্কড়ঝক্কড় বাসের বিরুদ্ধে ডিএমপির বিশেষ অভিযান শুরু

জুন মাসে সরবরাহযোগ্য ২০তম, ২১তম ও ২২তম কার্গো কেনা হবে ভাইটল এশিয়া, বিপি সিঙ্গাপুর এবং গানভর সিঙ্গাপুর থেকে। এতে মোট ব্যয় ধরা হয়েছে দুই হাজার ১৮৬ কোটি ৩৫ লাখ ৪৮ হাজার ২২২ টাকা।

বিদ্যুৎ বিভাগের অধীনে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিতরণ ব্যবস্থা আধুনিকায়নের জন্য তিনটি লটে নতুন সাব-স্টেশন স্থাপন ও ভূমি উন্নয়ন কাজের প্রস্তাব অনুমোদিত হয়েছে।

কনসোর্টিয়াম অব ইইএল অ্যান্ড এফএইচএল এবং রেভারি পাওয়ার অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড এসব কাজ বাস্তবায়ন করবে। তিনটি প্যাকেজে মোট ব্যয় হবে প্রায় ২৮৬ কোটি টাকা।

এছাড়া সিরাজগঞ্জ ২২৫ মেগাওয়াট ও ভেড়ামারা ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র থেকে পুনঃনির্ধারিত ট্যারিফে বিদ্যুৎ কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (নওপাজেকো) থেকে এই বিদ্যুৎ কেনা হবে। গ্যাসভিত্তিক বিদ্যুতের প্রতি ইউনিট মূল্য ৪ টাকা ৬৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর ডিজেলভিত্তিক বিদ্যুতের ইউনিট মূল্য সিরাজগঞ্জের ক্ষেত্রে ২০ টাকা ৬৩ পয়সা এবং ভেড়ামারার ক্ষেত্রে ২০ টাকা ৬৯ পয়সা।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায় শেরেবাংলা নগরে ১২ তলা মাল্টিস্টোরিড অফিস ভবন নির্মাণের জন্য ১০৮ কোটি ৭০ লাখ ৬৬ হাজার টাকার প্রস্তাব অনুমোদিত হয়েছে। কাজটি যৌথভাবে বাস্তবায়ন করবে জিকেবিপিএল ও নাভানা রিয়েল এস্টেট।

এদিকে র‍্যাবের সক্ষমতা বাড়াতে ১২২ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকায় তিনটি জিপ, ১০০টি প্যাট্রল পিকআপ ও ৬০টি এসি মাইক্রোবাস কেনার প্রস্তাবও পাস হয়েছে। যানবাহনগুলো সরবরাহ করবে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনের ভূমি উন্নয়ন কাজের পাঁচটি প্যাকেজের ভেরিয়েশন বাবদ ১৯৯ কোটি ৭৭ লাখ ৫ হাজার টাকার সংশোধিত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ‘বাংলাদেশ অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট ২০২৬’-এর খসড়া এবং ভারত ও নেপাল থেকে বিদ্যুৎ আমদানিতে ভর্তুকি দেওয়ার একটি প্রস্তাবে আংশিক নীতিগত অনুমোদন দেওয়া হয়।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৮ মে ২০২৬ | Globe kalprakash.com

জবির নতুন ক্যাম্পাসসহ ১০ প্রস্তাব অনুমোদন, কেনা হবে তেল-এলএনজি

বিস্তারিত কমেন্টে