প্রায় এক যুগ আগে, ২০১৪ সালে তৃণমূলের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন টালিউড সুপারস্টার দেব। এরপর দীর্ঘ সময় সাংসদ হিসেবে কাজ করে নিজের আলাদা পরিচিতি গড়ে তোলেন তিনি। তবে ২০২৬ সালের নির্বাচনের পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ায় তার অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেবকে ঘিরে কিছু মানুষকে ‘চোর চোর’ স্লোগান দিতে দেখা যায়। ভিডিওতে কালো টি-শার্ট পরা অভিনেতা-সাংসদকে নিরাপত্তার মধ্যে মাথা নিচু করে ভিড় এড়িয়ে যেতে দেখা যায়।
দীর্ঘদিন ধরে ‘সৌজন্যের রাজনীতি’ চর্চা করা দেবকে নিয়ে এই ঘটনা ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। রাজনৈতিক মঞ্চে সবসময় শালীন ভাষা ও উন্নয়নমূলক বক্তব্যের জন্য তিনি প্রশংসিত ছিলেন।
তবে সাম্প্রতিক পরিস্থিতির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেক ভক্ত ও অনুসারী তাকে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করছেন। কেউ কেউ লিখেছেন, তাকে শুধু সিনেমার পর্দাতেই দেখতে চান।
বিশ্লেষকদের মতে, জনতার এই প্রতিক্রিয়া মূলত ‘রাজনীতিক দেব’-এর প্রতি, অভিনেতা দেবের প্রতি নয়। কারণ অভিনেতা হিসেবে তার জনপ্রিয়তা এখনো অটুট রয়েছে এবং ভক্তদের বড় একটি অংশ এখনও তাকে পর্দায় দেখতেই বেশি আগ্রহী।
kalprakash.com/SS
বিনোদন ডেস্ক 























