রাজধানীর লালবাগ থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন শুনানি শেষে এ আদেশ দেন। তবে অন্য কোনো মামলায় তিনি গ্রেপ্তার না থাকায় তার মুক্তিতে কোনো আইনগত বাধা নেই বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আদালত সূত্রে জানা যায়, শিরীন শারমিনকে আজ আদালতে হাজির করা হয়নি। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী তার জামিন আবেদন করেন, অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫০ হাজার টাকা মুচলেকায় এবং অসুস্থতা বিবেচনায় তার জামিন মঞ্জুর করেন।
এর আগে ৬ এপ্রিল রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং ৭ এপ্রিল লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই লালবাগের আজিমপুর এলাকায় একটি আন্দোলন চলাকালে সংঘর্ষের ঘটনায় এই মামলা হয়। পরে ২০২৫ সালের ১৭ জুলাই ভুক্তভোগী আশরাফুল ইসলাম হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
তবে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেছেন, ঘটনার সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততার কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 

























