মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০১ কোটি টাকা।
সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা মুন্সিগঞ্জের পদ্মা উত্তর থানাধীন পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহজনক দুটি ট্রাক তল্লাশি করে প্রায় ২০০ কোটি ৫৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৫ কোটি ৭২ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ৭০৮ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।
পরে জব্দকৃত এসব অবৈধ জাল লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়। তবে ট্রাকের চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, দেশের মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক 
























