জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঙ্গে জকসু, বিভিন্ন ছাত্রসংগঠন ও সাংবাদিকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের চলমান সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, “কমান্ডো স্টাইলে কাজ শুরু করবো, সবার সহযোগিতা প্রয়োজন।” দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয় পরিবারের সর্বস্তরের মানুষের কাছ থেকে পাওয়া আন্তরিকতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
তিনি জানান, শিক্ষার্থীদের সমস্যার সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রশাসন কাজ করবে। সেশনজট নিরসনে ‘ক্রাশ প্রোগ্রাম’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত কমিটির প্রতিবেদন চলতি সপ্তাহেই পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রতিবেদন অনুযায়ী দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান।
উপাচার্য আরও বলেন, মতাদর্শের ভিন্নতা থাকলেও বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সময়ানুবর্তিতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, স্বচ্ছতার ভিত্তিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি জবি ছাত্রসংগঠনগুলোর ঐক্যের ঐতিহ্যকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন। পাশাপাশি সম্পূরক বৃত্তি চালু, আবাসন সংকট নিরসন, ক্যান্টিনে খাবারের মূল্য ও মান উন্নয়ন এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দেন।
সভায় ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, নতুন উপাচার্যের গতিশীল নেতৃত্বে বিশ্ববিদ্যালয় দ্রুত অগ্রগতির পথে এগিয়ে যাবে।
সভাটি সঞ্চালনা করেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বহুমাত্রিক সমস্যা সমাধানে এ ধরনের মতবিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় বিদায়ী প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক নতুন প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন ক্যাম্পাসে শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানান।
সভায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ, জকসু নেতৃবৃন্দ ও বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধি নবনিযুক্ত উপাচার্যকে অভিনন্দন জানিয়ে সম্পূরক বৃত্তির দ্রুত বাস্তবায়ন, দ্বিতীয় ক্যাম্পাসের অগ্রগতি ত্বরান্বিত করা, ক্যান্টিনের মানোন্নয়ন এবং সাংবাদিকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
নতুন উপাচার্যের সফলতা কামনা করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।
নুশরাত জাহান মীম, জবি প্রতিনিধি 
























