পিরোজপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ ২০২৬) জেলা পুলিশ কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। সভায় ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের অপরাধ চিত্র বিশ্লেষণ এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় পুলিশ সুপার মামলার তদন্তের গুণগত মান বৃদ্ধি, অপরাধ নিয়ন্ত্রণ এবং ওয়ারেন্ট তামিলের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সাধারণ জনগণ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই তাৎক্ষণিক কাঙ্ক্ষিত সেবা পায়, তা নিশ্চিত করতে হবে। জনগণের আস্থা অর্জনই পুলিশিংয়ের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থান নিতে হবে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং সভা, উঠান বৈঠক এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে সমন্বয় করে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার আহ্বান জানান।
পুলিশ সুপার সকল পুলিশ সদস্যকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে ‘জনবান্ধব পুলিশিং’ নিশ্চিত করার নির্দেশ দেন।
সভার শেষ পর্যায়ে ফেব্রুয়ারি মাসে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মাঝে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পিরোজপুর প্রতিনিধি 
























