বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড ওয়ারফেজের বিশ্ব সফর যখন পুরোদমে চলছে, ঠিক তখনই সামনে এলো এক ভিন্নধর্মী ঘটনা। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য ও লিড গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল মার্কিন যুক্তরাষ্ট্র সফর থেকে ছিটকে গেছেন।কারণ, ফিলিস্তিনের পক্ষে তার প্রকাশ্য অবস্থান।
সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে কমল নিজেই জানান, ২০২৪ সালে ব্যান্ডের যুক্তরাষ্ট্র সফরের জন্য ভিসা আবেদন করেছিলেন তিনি। কিন্তু অন্য সদস্যরা ভিসা পেলেও তার আবেদন বাতিল করে মার্কিন দূতাবাস। বিষয়টি নিয়ে কোনো আক্ষেপ নেই বলেই জানিয়েছেন এই সংগীতশিল্পী। ফেসবুক পোস্টে কমলের লেখেন, আমি যে আমেরিকা আগে দেখেছি, সেই আমেরিকা আর নেই। আমার কাছে দেশটা এখন শুধু পড়াশোনার জায়গা তার বেশি কিছু নয়।
শুধু ভিসা প্রত্যাখ্যানই নয়, নিজের অবস্থান নিয়েও বেশ স্পষ্ট তিনি। ফিলিস্তিনের পক্ষে সামাজিক মাধ্যমে কথা বলার কারণে এমন সিদ্ধান্ত এসেছে বলেই মনে করছেন অনেকেই। তবে বিষয়টি নিয়ে কোনো আপস করতে নারাজ কমল।
তিনি বলেন, আমি মানবতায় বিশ্বাসী। যেখানে ‘ফ্রি প্যালেস্টাইন’ বলা যাবে না, সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এমনকি যুক্তরাষ্ট্রে শো করার প্রয়োজনীয়তাও অনুভব করছেন না বলেই জানান তিনি।
উল্লেখ্য, চার দশকের বেশি সময় ধরে বাংলা ব্যান্ড সংগীতে প্রভাব রেখে আসছে ওয়ারফেজ। ৪০ বছর পূর্তি উপলক্ষে তারা আয়োজন করেছে ‘ফোরটি ইয়ার্স লিগ্যাসি কনসার্ট ট্যুর’, যার অংশ হিসেবে বিভিন্ন দেশে পারফর্ম করছেন সদস্যরা।
তবে যুক্তরাষ্ট্র সফর নিয়ে অনিশ্চয়তা থাকলেও কানাডায় কনসার্ট করার পরিকল্পনা রয়েছে ব্যান্ডটির। নিজের অবস্থান থেকে সরে না এসে দেশেই থেকে সংগীতচর্চা চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন কমল।
বিনোদন ডেস্ক 


















