বিশ্বকাপকে সামনে রেখে মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়াম পুনরায় চালুর অংশ হিসেবে অনুষ্ঠিত মেক্সিকো–পর্তুগাল প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে।
তবে ম্যাচ শুরুর আগে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা পুরো আয়োজনকে বিতর্কিত করে তোলে। নিরাপত্তা কর্মকর্তাদের মতে, স্টেডিয়ামের বক্স সিট এলাকা থেকে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়।
কর্তৃপক্ষ জানায়, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। তিনি দ্বিতীয় স্তরের বক্স সিট থেকে প্রথম স্তরে যাওয়ার চেষ্টা করেন এবং স্টেডিয়ামের বাইরের অংশ ধরে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান।
এই দিকে, প্রীতি ম্যাচে পর্তুগাল দলে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় অনুপস্থিত ছিলেন, যার মধ্যে ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো ও রাফায়েল লেয়াও উল্লেখযোগ্য।
স্টেডিয়ামটির সংস্কার-পরবর্তী প্রস্তুতি যাচাইয়ের অংশ হিসেবেই এই ম্যাচটি আয়োজন করা হয়। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে দর্শকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ এবং নতুন স্টেডিয়ামের অভিজ্ঞতা নেওয়ার ব্যাপক আগ্রহ।
ঐতিহাসিক এই অ্যাজটেকা স্টেডিয়ামটি ১৯৭০ ও ১৯৮৬ সালের বিশ্বকাপ ফাইনাল আয়োজন করেছিল। সংস্কারের জন্য ২০২৪ সালের মে মাস থেকে এটি বন্ধ ছিল। নতুনভাবে প্রস্তুত করা এই ভেন্যুতে আসন্ন বিশ্বকাপে মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে—এর মধ্যে তিনটি গ্রুপ পর্বে এবং দুটি নকআউট পর্বে।
কাল প্রকাশ 



















