শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) নতুন এক কঠোর আর্থিক নীতির দিকে যাচ্ছে, যেখানে ম্যাচে জিতলেও সব ক্ষেত্রে বোনাস নিশ্চিত থাকবে না, তবে হেরে গেলে জরিমানা গুনতে হতে পারে ক্রিকেটারদের। দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই নতুন প্রস্তাব শিগগিরই খেলোয়াড়দের জানানো হবে।
নতুন নিয়ম অনুযায়ী এতদিন র্যাঙ্কিংয়ের শীর্ষ ৯ দলের বিপক্ষে জিতলে যে বোনাস দেওয়া হতো, তা পরিবর্তন করে এখন শুধু শীর্ষ ৪ দলের বিপক্ষে জয়কেই বোনাসের আওতায় আনা হবে। তবে সেটিও শুধু জয় নয়, সিরিজ জিততে পারলেই বোনাস মিলবে। ঘরের মাঠে এবং অ্যাওয়ে সিরিজের ক্ষেত্রে বোনাসের পরিমাণ ভিন্ন হবে, আর বিদেশের মাটিতে বড় দলের বিপক্ষে সিরিজ জিতলে সর্বোচ্চ বোনাস পাওয়া যাবে। অন্যদিকে বাংলাদেশসহ ৫ থেকে ৮ নম্বর দলের বিপক্ষে জিতলেও কোনো বোনাস না দেওয়ার প্রস্তাব রয়েছে।
প্রস্তাবিত কাঠামোতে ম্যাচ ফি ব্যবস্থাতেও পরিবর্তন আনা হচ্ছে। টেস্টে জয় পেলে বেশি ফি, ড্র হলে কম এবং হারলে আরও কম ফি দেওয়ার পরিকল্পনা রয়েছে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও জয়-পরাজয়ের ওপর ভিত্তি করে আলাদা ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে উঠলে এককালীন আর্থিক পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে।
এসএলসি মনে করছে, এই নতুন নীতিমালা খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব বাড়াবে এবং দলের পারফরম্যান্স উন্নত করবে। বর্তমানে শ্রীলঙ্কা টেস্ট ও ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে এবং টি-টোয়েন্টিতে ৮ নম্বরে অবস্থান করছে।