পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটি জাতির গৌরব, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছে। এ উপলক্ষে সংগঠনটি তাঁর অসামান্য বীরত্ব, আত্মত্যাগ ও দেশপ্রেমকে শ্রদ্ধাভরে স্মরণ করে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে এক যৌথ বিবৃতিতে পিসিসিপি কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজম এ শ্রদ্ধা জানান। তাঁরা বলেন, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কেবল একজন যোদ্ধা নন, তিনি ছিলেন জাতির স্বাধীনতার রক্ষাকবচ এবং ত্যাগের এক উজ্জ্বল প্রতীক। তাঁর আত্মদান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অম্লান অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।
পিসিসিপি নেতৃবৃন্দ আরও বলেন, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ শুধু একজন যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন দেশপ্রেমের এক জীবন্ত প্রতীক। রাঙামাটির দুর্গম পাহাড়ী জনপদে তাঁর রক্ত মিশে আছে। তাঁর বীরত্ব আমাদের শিখিয়েছে কীভাবে পাহাড়ের সার্বভৌমত্ব ও দেশের স্বাধীনতা রক্ষা করতে হয়।
সংগঠনটি নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, মুন্সী আব্দুর রউফের বীরত্বগাথা শিক্ষার্থীদের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। পাশাপাশি রাঙামাটির নানিয়ারচরে অবস্থিত তাঁর সমাধিস্থল এবং বুড়িঘাটের ঐতিহাসিক রণাঙ্গন যথাযথভাবে সংরক্ষণের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। এছাড়া তাঁর আত্মত্যাগের চেতনাকে ধারণ করে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে শান্তি, সম্প্রীতি ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানায় পিসিসিপি।
পিসিসিপি কেন্দ্রীয় কমিটি আরও উল্লেখ করে, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের আত্মত্যাগ কোনো নির্দিষ্ট সময় বা অঞ্চলের গণ্ডিতে সীমাবদ্ধ নয়; এটি সমগ্র জাতির গর্ব, চেতনা ও অনুপ্রেরণার অক্ষয় উৎস। আজকের এই দিনে জাতি পরম শ্রদ্ধায় স্মরণ করছে তাঁর সেই মহান আত্মত্যাগকে, যা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
চট্টগ্রাম প্রতিনিধি 


















