গত ১১/০৪/২০২৬ ইং তারিখে বান্দরবান জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬। তিনটি গ্রুপে (নীলাচল, নীলগিরি, তমাতঙ্গী) ভাগ হয়ে জেলার মোট নয়টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে।
অন্যান্য দলগুলোর তুলনায় আলোচনায় কম থাকলেও তমাতঙ্গী গ্রুপের সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব সুয়ালক শুরু থেকেই বেশ চমক সৃষ্টি করে। গ্রুপ পর্বের দুই ম্যাচেই মর্নিং ক্রিকেট টিম ও আজিজনগর একাদশকে বেশ স্বাচ্ছন্দ্যে হারানোর পর আলোচনায় উঠে আসে তুলনামূলক কম বাজেটের এই ক্লাবটি। গ্রুপ পর্বের বিজয়ের ধারা অব্যাহত রেখে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে সেমিফাইনালে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল টিম ওয়ানকে গুঁড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছে যায়।
প্রথমে ব্যাট করতে নেমে টিম ওয়ান নির্ধারিত ২০ ওভারের ১ বল বাকি থাকতে ১৩৫ রানে সব উইকেট হারায়। জবাবে ব্যাট করতে নেমে সুপার স্টার ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে এক পর্যায়ে বিপর্যয়ে পড়ে যায়। কলিম ও অতুলের দৃঢ়তায় শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলে ১ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পায় সুপার স্টার। বিজয়ী দলের মিনহাজ ২৩ রানে তিন উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
ক্লাবের বর্তমান সভাপতি ও অধিনায়ক মেহেদী হাসান মুন্না বলেন, এলাকার উঠতি তরুণ সম্প্রদায়কে মাদকের কবল থেকে রক্ষা করতে সুপার স্টার ক্লাব নিয়মিতভাবে বিভিন্ন খেলাধুলার পাশাপাশি সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে। ক্লাবের নির্দিষ্ট আয় না থাকায় বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ কষ্টসাধ্য হলেও এলাকার মানুষের ভালোবাসা ও ক্রীড়ার প্রতি সীমাহীন ভালোবাসাই আমাদের সাফল্যের কারণ।
ক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা তোফাজ্জল হোসেন জনি বলেন, সঠিক পৃষ্ঠপোষকতা পেলে এই ক্লাবটিও বান্দরবানের ইতিহাসে অন্যতম সেরা ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার যোগ্যতা রাখে। তিনি ক্লাবের উত্তরোত্তর সাফল্য এবং সরকার কর্তৃক যথাযথ পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা কামনা করেন।
মুশফিকুর রহমান সোহেল, বান্দরবান প্রতিনিধি 























